আর্জেন্টিনার আরেকটি জয়

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ১৪:৪৫
 
 
আরেকটি প্রীতি ম্যাচে জিতল আর্জেন্টিনা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ইকুয়েডরকে ২-১ ব্যবধানে হারিয়েছে জেরার্দো মার্তিনোর দল।
জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। প্রকৃতপক্ষে চোট পাওয়ার কারণে তিনি মাঠে নামেননি।
ম্যাচের অষ্টম মিনিটেই সের্হিও আগুয়েরো এগিয়ে নেন আর্জেন্টিনাকে। আনহেল দি মারিয়ার কর্নার থেকে পাস্তোরের পাসে হেড দিয়ে গোলটি করেন তিনি। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি মার্কোস রোহো আর দি মারিয়া। অবম্য বিরতি যাওয়া আগেই গোল পায় ইকুয়েডর। গোলটি করেন মিলার বোলানোস।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার খেলোয়াড়দের গতি সমস্যায় ফেলে ইকুয়েডরকে। এগিয়ে যেতেও সময় নেয়নি আর্জেন্টিনা। ৫৮তম মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার পাস্তোরে। ম্যাচের ১৮ মিনিট বাকি থাকতে ব্যবধান বাড়ানোর দারুণ একটি সুযোগ নষ্ট করেন আগুয়েরো। অবশ্য শেষ পর্যন্ত শেষ হাসি হেসেই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।