‘খালেদা জিয়া রাজনৈতিকভাবে লাইফ সাপোর্টে আছেন’

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ১৮:১৭
 
 
 
 
 
নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনৈতিকভাবে লাইফ সাপোর্টে আছেন। সেখান থেকে ফিরে আসতে হলে তাকে সন্ত্রাস ও নৈরাজ্যের পথ পরিহার করতেই হবে। এ ছাড়া, তার অন্য কোনো পথ খোলা নেই।’ বুধবার রাজধানীর বিসিআইসি অডিটরিয়ামে কর্মচারী লীগ আয়েজিত শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ৫ এপ্রিল গণপদযাত্রা সফল করার লক্ষ্যে এক প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, ‘হরতাল-অবরোধের নামে দেশব্যাপী সন্ত্রাস-সহিংসতার বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়েছে। ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হতে যাচ্ছে বলে ওই দুই সিটিতে কেবল হরতাল শিথিল করে অবরোধ অব্যাহত রেখেছেন। আর এই হরতাল-অবরোধে ঘটে যাওয়া সহিংসতার হুকুমদাতা বেগম জিয়ার বিচার বাংলার মাটিতেই হবে।’
নৌমন্ত্রী শাজাহান খান শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ৫ এপ্রিল গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ৫ এপ্রিল বিকাল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে গণপদযাত্রা শুরু করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী শিখা চিরন্তনীতে এসে শপথ গ্রহণ।