সচিব কমিটির প্রতিবেদন পাওয়ার পর পে-কমিশনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ঢাকায় নবনিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার বেনোয়িট পিয়ের লারামির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে গত ১ জানুয়ারি পাঁচ সদস্যের এই কমিটি করে সরকার। এ কমিটি ৬ সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও পরবর্তীতে তিন দফা সময় বাড়িয়ে আগামী ২ মে প্রতিবেদন জমা দেয়ার সময় নির্ধারণ করা হয়। আগামী অর্থবছর থেকে ধাপে-ধাপে এ সুপারিশ বাস্তবায় শুরু হবে।
সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এটি মূলত নবনিযুক্ত কানাডিয়ান হাই কমিশনারের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাত্। বৈঠকে বাংলাদেশ-কানাডার সম্পর্কের বিষয়টি রিভিউ করা হয়েছে। কানাডা বাংলাদেশের ভালো বন্ধু। তারা শুরু থেকেই আমাদের সঙ্গে আছেন। শিক্ষা, স্থাস্থ্যসহ সব কিছুতেই কানাডা বাংলাদেশকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। কানাডা বাংলাদেশের প্রথম দাতাদেশ। স্বাধীনতার পর তারা সাড়ে ৪ কোটি ডলার সহায়তা দিয়েছিল।’
