গতকাল শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া এইচএসসির বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র, বাংলা (আবশ্যিক) প্রথম পত্র (ডিআইবিএস), মাদ্রাসার আলিমের কুরআন মজিদ, কারিগরিতে সকালে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কারিগরিতে বিকালেও পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল পরীক্ষার প্রথম দিনে ১০ হাজার ১৯৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া গতকাল ১০ শিক্ষা বোর্ডে বহিষ্কার হয় ২৬ জন পরীক্ষার্থী ও ৪ জন শিক্ষক।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল রাজধানীর বেইলি রোডে ভিকারুন্নিসা নূন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, এইচএসসি পরীক্ষা রুটিন মাফিকই হবে। হরতাল-অবরোধকারীরা এর কোন ক্ষতি করতে পারবে না। শিক্ষামন্ত্রী বলেন, হরতাল-অবরোধ তো কেউ মানছে না। আর আপনারা খেলার জন্য হরতাল শিথিল করতে পারেন কিন্তু শিক্ষার্থীদের স্বার্থে এসব প্রত্যাহার করতে পারছেন না? এইচএসসি পরীক্ষার শুরুতেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন কেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকরা।
এবার দুই হাজার ৪১৯টি কেন্দ্রে এবার আট হাজার ৩০৫টি প্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে আট লাখ ৮৬ হাজার ৯৩৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪ হাজার ৩৬০ জন, কারিগরি বোর্ডের অধীনে অংশ নিচ্ছেন ৯৮ হাজার ২৪৭ পরীক্ষার্থী। এর বাইরে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে (ডিআইবিএস) চার হাজার ৩৪৪ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এ ছাড়া দেশের বাইরে সাতটি কেন্দ্রে ২৪১ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
গতকাল রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, দিনাজপুর ও সিলেটে ১ জন করে, বরিশালে ৩ জন, মাদ্রাসায় ৭ জন এবং কারিগরিতে ১০ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়। এছাড়া বরিশাল ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২ জন করে মোট ৪ জন শিক্ষক বহিষ্কার হয়। গতকাল প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১০ হাজার ১৯৬ জন। এর মধ্যে ৮ সাধারণ শিক্ষা বোর্ডে ৭ হাজার ৫৪১ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ৪৭৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ হাজার ১৭৯ জন অনুপস্থিত ছিল।