দি হেগস্থ বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে ‘চিংড়ির উৎপাদন ও বিপণনঃ গবেষণা ও বাণিজ্যিক বিনিময়” শীর্ষক এক সেমিনারের অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ সেমিনারে নেদারল্যান্ডের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিব রাইসুল আলম মণ্ডলে নেতৃত্বে সফররত সরকারি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল সহ ৪০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
সেমিনার আয়োজনের মূল উদ্দেশ্য ছিল টেকসই অ্যাকুয়াকালচার পদ্ধতি প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের চিংড়িচাষ খাতের উন্নয়ন এবং একইসাথে নেদারল্যান্ডস তথা ইউরোপের বাজারে চিংড়িজাত পণ্যের বাজার সম্প্রসারণ।
আরো পড়ুন: সার্কাস দেখাবেন জয়া আহসান (ভিডিও)
সেমিনারে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইয়িদ মো. রাশেদুল হক বিশ্ববিখ্যাত ‘বাংলাদেশের বাগদা চিংড়ি’ শীর্ষক একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা পরিবেশন করেন এবং বিভিন্ন ডাচ বিশেষজ্ঞরা যেমন ওয়াখেনিংগেন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার রোয়েল বসমা, ওক্টোফ্রস্টের বাণিজ্যিক পরিচালক জনাব মারসেল ক্লোয়েসমায়ার, স্ক্রেটিং-এর পরিচালক আরিয়েন রোয়েম এবং হেনড্রিক্স জেনেটিক্সের পরিচালক রবার্ট ব্লঙ্ক প্রমুখেরা (ক) সুন্দরবনে উপযোগী চিংড়ি চাষ (খ) উন্নত প্রযুক্তির মাধ্যমে চিংড়ি শিল্পের গুণগত মানোন্নয়ন; (গ) চিংড়ি উৎপাদনে মানসম্পন্ন খাবারের গুরুত্ব ; এবং (ঘ) খাবার ব্যবস্থাপনা এবং চিংড়ির জেনেটিক্স উন্নয়ন সংক্রান্ত সর্বশেষ অবস্থা ইত্যাদি বিষয়ের উপর উপস্থাপনা তুলে ধরেন।

২৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদল বাংলাদেশে চিংড়ি চাষ ও অ্যাকুয়াকালচার পদ্ধতির আরও উন্নয়নের নিমিত্তে এ খাতে নেদারল্যান্ডসের অর্জিত জ্ঞান ও উদ্ভাবনাময় প্রযুক্তি আহরণের লক্ষ্যে বর্তমানে ৬ দিনের সফরে নেদারল্যান্ডস রয়েছে। ব্ল্যাক টাইগার চিংড়ি চাষে টেকসই উৎপাদনের লক্ষ্যে প্রযুক্তিগত জ্ঞান আহরণ এবং এই চিংড়ি রপ্তানীর বাজার খোঁজাই প্রতিনিধিদলের সফরের মূল লক্ষ্য।
উল্লেখ্য, ইউরোপিয়ান দেশগুলো বাংলাদেশের ব্ল্যাক টাইগার চিংড়ির প্রধান আমদানীকারক, যার মধ্যে নেদারল্যান্ডস মূল্য (৮৯.৮২ মিলিয়ন ডলার) ও পরিমানের দিক থেকে প্রথম। ডাচ প্রতিষ্ঠান সলিডারিড নেটওয়ার্ক এশিয়া, সিফুড ট্রেড ইন্টেলিজেন্স পোর্টাল এবং নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সি (RVO) যৌথভাবে এ সফরের আয়োজন করে যার মাধ্যমে বাংলাদেশের উৎপাদক/রপ্তানীকারকরা ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ চিংড়ি আমদানীকারকদের সাথে মতবিনিময়ের সুযোগ পেয়েছে।

সেমিনার শেষে উপস্থিত সকল অতিথিকে বাংলাদেশের বিখ্যাত বাগদা চিংড়ির দোপেয়াজা সহকারে নৈশভোজে আপ্যায়িত করা হয়।
ইত্তেফাক/বিএএফ
