ঢালিউডের চলমান নায়ক-নায়িকা সঙ্কটের সময়ে বেশ কয়েকজন নতুন মুখের আগমন ঘটেছে। যারা নিজস্ব একটি অবস্থান তৈরি করে নিচ্ছেন নিয়মিত থেকে। চিত্রনায়িকা আঁচল ‘কিস্তিমাত’ ছবির মধ্য দিয়ে নজর কেড়েছেন ঢালিউডে। এরপর নিয়মিতই চলচ্চিত্র নিয়ে ব্যস্ততা চলছে আঁচলের। চলতি সময়ে আঁচল ব্যস্ত আছেন ‘সুলতানা বিবিয়ানা’, ‘মেন্টাল’, ‘এপার ওপার’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র নিয়ে। এছাড়া প্রথমবারের মতো একটি আইটেম গানেও নাচেন নবাগত এই নায়িকা। ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে একটি আইটেম গানে দেখা যাবে তাকে। আঁচল বলেন, ‘গল্পের প্রয়োজনেই সেই ছবিতে অভিনয় ও আইটেম গানে নাচি। এটিই আমার প্রথম আইটেম গান।’ মুক্তির অপেক্ষায় আছে আঁচল-বাপ্পি অভিনীত চলচ্চিত্র ‘আজব প্রেম’। আগামী মাসের শুরুতে চলচ্চিত্রটি মুক্তি পাবে।
