লাকসামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২০:০৬

লাকসামে রবিউল হোসেন (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লাকসাম থানা পুলিশ পৌরসভার মুড়াদরগাহ রোডের ধোপাবাড়ি সংলগ্ন প্রবাসী আবুল কালামের বাড়ি থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

জানা গেছে, আগেরদিন শ্বশুরবাড়ি গিয়েছিলো রবিউল হোসেন। ওইদিন বিকেল ৩টায় বউ ছাড়াই একাকি বাড়ি ফিরে আসে রবিউল। এ সময় তার শ্বশুর তার বউকে দেয়নি বলে ছোটবোন নিশু (১১) ও ছোটভাই সুমনের (৭) সঙ্গে উচ্চবাচ্য করে। এক পর্যায়ে নিশু ও সুমন ঘর থেকে বেরিয়ে যায়। ঘন্টা খানেক পর তারা ঘরে এসে দেখে রবিউল ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। ওই সময় ঘরের দরোজা খোলা ছিল।

পরে খবর পেয়ে সন্ধ্যায় লাকসাম থানার এসআই বেলাল হোসেন ও এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, মাত্র ৩ মাস পূর্বে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিমপাড়া (ঝালুয়াকান্দি) এলাকার রফিকুল ইসলামের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে পারিবারিকভাবে রবিউল হোসেনের বিয়ে হয়। ঘটনার সময় রবিউলের পিতা মনির হোসেন ও মাতা বাসায় ছিলেন না। তারা বেশ কিছুদিন ধরে সপরিবারে এ বাসায় ভাড়ায় থাকে। তাদের বাড়ি চিতোষী এলাকার খুরগাও গ্রামে।

আরও পড়ুনঃ শাসক নয় বরং জনগণের সেবক হিসেবে কাজ করছে সরকার: স্পিকার

এ বিষয়ে লাকসাম থানার ওসি মনোজ কুমার দে জানান, ‘লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আগামীকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

ইত্তেফাক/নূহু