৭৩ ওয়ার্ডে কাউন্সিলর পদে নারী প্রার্থী নেই

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ১৬:৪৯
 
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন ২৮৮ জন। নগর উত্তরের ১২টি সংরক্ষিত ওয়ার্ডে ১৩৫ জন এবং দক্ষিণের ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে ১৫৩ জন নারী। তিনটি সাধারণ ওয়ার্ড নিয়ে গঠিত একটি সংরক্ষিত ওয়ার্ডে নারীরাই নারীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু নির্বাচনে সাধারণ ওয়ার্ডগুলোতে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নারীদের অংশগ্রহণ একেবারেই কম। দুই সিটির ৯৩টি ওয়ার্ডের মধ্যে মাত্র ২০টি ওয়ার্ডে সম্ভাব্য পুরুষ প্রার্থীদের বিপরীতে নারী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। ৭৩টি ওয়ার্ড নারী প্রার্থী শূন্য। নগর রাজনীতি ও সেবায় সরাসরি নারী প্রতিনিধিত্ব নেতৃত্ব সৃষ্টির অপুষ্ট চিত্রই এর মাধ্যমে ফুটে উঠেছে।
দুই সিটিতে সাধারণ কাউন্সিলর পদে এক হাজার ১৩০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মাত্র ২৪ জন নারী। ঢাকা উত্তরের ৩৬টি ওয়ার্ডের মধ্যে ৮ ওয়ার্ডে ১১ জন নারী সম্ভাব্য প্রার্থী পুরুষের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে তিনটি ওয়ার্ডে দুইজন করে এবং বাকি ৫টি ওয়ার্ডের প্রতিটিতে একজন প্রার্থিতায় আগ্রহী। দক্ষিণের ৫৭টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন নারী। এরমধ্যে একটি ওয়ার্ডে দুই জন এবং বাকি ১১ ওয়ার্ডে একজন করে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ২ নং সাধারণ ওয়ার্ডে ১৪ জন পুরুষ সম্ভাব্য প্রার্থীর বিপরীতে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন হাবিবা চৌধুরী। সংরক্ষিত আসনে আগ্রহী না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, নারীদের এখন আর পিছিয়ে তাকানোর সুযোগ নেই। নারী-পুরুষকে একসাথে এগিয়ে যেতে হবে। এই বোধ থেকে আমি সাধারণ ওয়ার্ডে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছি। তিনি বলেন, সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অনেকেই আগ্রহী। কিন্তু সাধারণ ওয়ার্ড কাউন্সিলর হিসেবে কাজ করার সুযোগ আরো বেশি। নগরসেবায় ও জনগণের জন্য আমি বেশি কাজ করতে আগ্রহী। তাই সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিই বেছে নিয়েছি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সাধারণ কাউন্সিলর পদে নারী মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- স্বপ্না আহমেদ (৭নং ওয়ার্ড), মনিরা মোশারফ ও ফেরদৌসি আহমেদ (৮নং ওয়ার্ড), শিরিন রুখসানা ও রুনু আক্তার (১২নং), বিলকিস আলম (১৮নং), কোহিনুর আক্তার বিথী ও নীলুফা ইয়াসমীন (২৩নং), জোহরা রহমান (২৬নং), খোন্দকার রোমানা হাসান (২৮নং), হাছিনা মোরশেদ কাকুলী (৩১নং ওয়ার্ড)।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সাধারণ কাউন্সিলর পদে প্রার্থিতায় আগ্রহী নারীরা হলেন- হাবিবা চৌধুরী (২নং ওয়ার্ড), তানিয়া হোসেন (৫নং), সাবিনা জাহান (৮নং), এংরাজ বেগম (১১নং), আনজুমান আরা বেগম (১৩নং), নার্গিস মাহমুদা (২১নং), শাহিদা মোর্শেদ (২৭নং), উম্মে খাদিজা পারভেজ (২৮নং), নাসরিন চৌধুরী মঞ্জু ও মেহেরুন নেছা (৩৮নং), আমিনা আক্তার (৫২নং), কোহিনুর বেগম (৯৩নং), আলপনা সিকদার (৫৪নং ওয়ার্ড)।