শামারুখ হত্যা: স্বামীর মুক্তিতে বাধা নেই

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ১৩:৫৬
 
চিকিত্সক শামারুখ মাহজাবিন হত্যা মামলার আসামি তার স্বামী হুমায়ুন সুলতানকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়।  
আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্ট হুমায়ুন সুলতানকে জামিন দিয়েছিল। আজ আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দেওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।
হুমায়ুনের পক্ষে শুনানিতে ছিলেন এম আমীর উল ইসলাম ও মো. মুনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাধন কুমার বণিক।
গত ২ মার্চ হাই কোর্টের একটি বেঞ্চ থেকে জামিন পান হুমায়ুন। এর দুই দিনের মাথায় রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গেলে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জামিন স্থগিত করে আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
এরপর গত ৯ মার্চ প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ দুই পক্ষের বক্তব্য শুনে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে দেয়। এবিষয়ে শুনানি শেষে আজ আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেয়।
হুমায়ুন সুলতান বর্তমানে কারাগারে রয়েছেন। তবে এ মামলার অপর আসামি তার বাবা ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান ও সুলতানের স্ত্রী জামিনে রয়েছেন।
গত বছরের ১৩ নভেম্বর রাজধানীর ধানমণ্ডিতে টিপু সুলতানের বাসা থেকে ডা. জেসমিন পুত্রবধূ শামারুখকে সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। ঐ রাতেই শামারুখের বাবা নুরুল ইসলাম মেয়েকে হত্যার অভিযোগে শামারুখের স্বামী, শাশুড়ি ও শ্বশুরের বিরুদ্ধে মামলা করেন।