ইউরোপে খেলা ব্রাজিলের ফুটবলারদের মধ্যে সেরার পুরস্কার ‘সাম্বা গোল্ড’ জিতেছেন নেইমার। ফ্রান্সের প্রতিষ্ঠান সাম্বাফুট প্রতি বছর এই পুরস্কার দিয়ে থাকে।
সংগঠনটি বিশ্বব্যাপী প্রায় দেড় লক্ষের ওপরে সাংবাদিক ও সাবেক ফুটবলারদের ভোটের দ্বারা পুরস্কারটি নিশ্চিত করে।
নেইমার ন্যু ক্যাম্পে ২০১৪ ফুটবল মৌসুমে অসাধারণ পারফর্ম করেন। লুইস এনরিকের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬টি গোল করেন তিনি। আর এরই সুবাদে অ্যাতলেটিকো মাদ্রিদের ফুটবলার মিরান্ডা ও গালাতাসেরা মিডফিল্ডার ফিলিপ মেলোকে পেছনে ফেলে পুরস্কারটি জেতেন নেইমরা।
সেলেকাওদের নতুন অধিনায়ক নেইমার এ পুরস্কারটি জিতেছেন ২৯.২০ শতাংশ ভোট পেয়ে। যেখানে ব্রাজিলের সেন্টার ব্যাক ৩০ বছর বয়সী মিরান্ডা ১৬.৩৯ শতাংশ ভোট পেয়েছেন। তিন নম্বরে রয়েছেন ব্রাজিল জাতীয় দল থেকে ২০১০ সালে অবসর নেওয়া গ্যালাতাসারের ডিফেন্সিভ মিডফিল্ডার ফেলিপে মেলো। জুভেন্টাসের সাবেক এ তারকা পেয়েছেন ১৬.০১ শতাংশ ভোট।
২০০৮ সাল থেকে ইউরোপে খেলা সেরা ব্রাজিল ফুটবলারকে এই পুরস্কার দেয়া হচ্ছে। গত তিন বছর নিজের দখলে তা রেখেছিলেন প্যারিস সেইন্ট জার্মেইনের থিয়েগো সিলভা। তবে এবার তিনি এ পুরস্কারের তালিকায় সাত নম্বরে আছেন। সূত্র: ডেইলি মেইল।
