জরিমানার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ১৬:৪৩
 
এবার কেন্দ্রীয় ব্যাংকে মিথ্যা তথ্য জমা দিয়েছে বেসরকারি খাতের প্রাইম ব্যাংক লিমিটেড। আর এজন্য ওই ব্যাংককে গুনতে হবে জরিমানা। এ বিষয়ে ব্যাংকটিকে শোকজ করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ। এর আগেও এ ব্যাংকের বিভিন্ন গুরুতর অনিয়ম কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে ধরা পড়ে। জানা গেছে, প্রাইম ব্যাংকের মৌলভীবাজার শাখায় (ঢাকা) সম্প্রতি বিশদ পরিদর্শন পরিচালনা করে কেন্দ্রীয় ব্যাংকের ওই বিভাগ। সেখানে দেখা যায়, ইএক্সপি রেজিস্ট্রার কলাম পূরণে অনিয়ম, আরএফসিডি হিসাব খোলায় অনিয়ম, আমদানি নীতি আদেশ লংঘন করে এলসি খোলা, বৈদেশিক মুদ্রানীতি লংঘন করে বিদেশি সরবরাহকারীর আর্থিক সচ্ছলতাসহ গোপনীয় তথ্য সংগ্রহ না করেই এলসি খোলা হয়েছে। এসব বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যেসব তথ্য দিয়েছে ওই ব্যাংক তার সবগুলোই মিথ্যা ছিলো মর্মে কেন্দ্রীয় ব্যাংক প্রমাণ পেয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রাইম ব্যাংকের ওই শাখা যেসব অনিয়ম করেছে তার মধ্যে অন্যতম হলো কেএম আয়রন এন্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৭৯ লাখ টাকা এবং রক্সি পেইন্টের ৩ কোটি ৬০ লাখ টাকা খেলাপী হয়ে গেলেও এসব ঋণকে নিয়মিত দেখানো হয়েছে। এ ধরনের মিথ্যার আশ্রয় নেয়ায় জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে শোকজও করা হয়েছে। শোকজের উত্তর চলতি মাসের ১৫ তারিখের মধ্যে দিতে বলা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী মিথ্যা তথ্য প্রদানের অপরাধে কোন ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক অনধিক এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে।