পাঁচশোর ক্লাবে মারে, শেষ আটে জোকোভিচ

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ১৬:২৬
অ্যান্ডি মারে ক্যারিয়ারের পাঁচশোতম এটিপি ম্যাচে জয়ের দিনে পৌঁছে গেছেন মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে। কয়েক ঘণ্টা পরে সেখানে তার সঙ্গী হয়েছেন শিরোপাধারী নোভাক জোকোভিচও। তবে মারের মতো সহজে আসেনি তার জয়। এদিকে, মহিলা এককে শেষ আট থেকে বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়ামস। আজ স্যাবাইন লিসিকির বিরুদ্ধে সেমিতে ওঠার জন্য লড়বেন ছোট বোন সেরেনা উইলিয়ামস।
অন্য ম্যাচে আরেক আমেরিকান স্লোয়ান স্টিফেন্স খেলবেন সিমোনা হালেপের বিরুদ্ধে।
গত মঙ্গলবার আলেক্সান্দার দগোপলভের বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রথম সেট ৭-৬ (৭-৩) গেমে হেরে পিছিয়ে পড়েন জোকোভিচ। এরপর দ্বিতীয় সেটেও এক পর্যায়ে ১-৪ ব্যবধানে পিছিয়ে পড়ে সমর্থকদের শঙ্কায় ফেলে দেন এই সার্বিয়ান। তবে শেষ পর্যন্ত কোন অঘটন ঘটতে দেননি জোকোভিচ। পাওয়ার টেনিসের দারুণ এক প্রদর্শনীতে অবাছাই প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচের শেষ ১৩ গেমের ১২টিই জিতে নেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচ জেতেন ৭-৬ (৭-৩), ৭-৫, ৬-০ গেমে।
তবে জিতলেও নিজের খেলায় মোটেই সন্তুষ্ট নন জোকোভিচ। টুর্নামেন্টের এই শীর্ষ বাছাইয়ের কথাতেই স্পষ্ট সেটা, ‘আমার কেবলই মনে হচ্ছিল দিনটা আসলে আমার মনের মতো নয়। পুরো দিনের কখনোই আমি মানসিকভাবে নিজেকে শক্তিশালী ভাবতে পারিনি। তবে লড়াই চালিয়ে গেছি। একেবারে শেষ পর্যন্ত লড়তে চেয়েছি। যদিও মাঝে মাঝেই হতাশ হয়ে পড়ছিলাম। বিশেষত প্রথম সেটে আমি কখনোই নিজের খেলাটা খেলতে পারিনি। তবে লড়াইয়ে ফেরার চেষ্টা অব্যাহত রেখেছি প্রতি মুহূর্তেই।’
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাল জোকোভিচ খেলবেন স্পেনের ডেভিড ফেরারের বিরুদ্ধে। দীর্ঘদেহী আমেরিকান জন ইসনার খেলবেন উচ্চতায় তার চেয়ে ফুটখানেক খর্বাকৃতির জাপানের কেই নিশিকরির বিরুদ্ধে।
অন্যদিকে, দিনের শুরুতে মারে ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে হারান দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে। ৫০০তম এটিপি ম্যাচ জেতার মাইলফলক স্পর্শ করার মুহূর্তটি উদযাপন করতে কোটেই বিশাল এক কেকের ব্যবস্থা করেন টুর্নামেন্ট আয়োজকরা। উচ্ছ্বসিত মারে জানান ওপেন যুগের ৪৬তম খেলোয়াড় হিসাবে এই মাইলফলক ছুঁতে পেরে দারুণ খুশি তিনি, ‘খুব বেশি খেলোয়াড় এটা করতে পারেনি। তাছাড়া আমি এই টুর্নামেন্টে এটা করতে পারলাম। দুটো মিলে দারুণ খুশি আমি। আমার বেশি ভাল লাগছে এই কারণে যে, এখানেই (মায়ামিতে) ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করেছি আমি। এখানে অনেক স্মৃতি আমার। তবে এখানেই শেষ নয়। আমি নিশ্চিত আরো অনেক কিছু অর্জনের বাকি আমার।’
অস্ট্রিয়ার ডমিনিক দিয়েমের বিরুদ্ধে আজই শেষ আটের লড়াইয়ে নামবেন মারে। অন্য কোয়ার্টারে ফ্রান্সের হুয়ান মোনাকো খেলবেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচের বিরুদ্ধে।