চিলিতে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ২৪

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ১৬:৫০


 চিলির উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা একজন বেড়ে কমপক্ষে ২৪ জনে দাঁড়িয়েছে। এদিকে দেশে বন্যার কারণে প্রেসিডেন্ট মিশেল বেশেলেত আঞ্চলিক শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার কর্মসূচি বাতিল করেছেন। বুধবার কর্মকর্তারা একথা জানান।

দেশটির পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ হিসাব অনুযায়ী বন্যায় ১২জন বেড়ে এখন ৬৯ জন নিখোঁজ রয়েছে। চিলির উত্তরাঞ্চলে গত সপ্তাহে আকস্মিক বন্যা দেখা দেয়। বিভিন্ন শহর পানিতে ডুবে যায় এবং হাজার হাজার লোক গৃহহীন হয়ে পড়ে।

এদিকে বিমান বাহিনী জানায়, আতাকামা অঞ্চলে জরুরি ত্রাণ কার্যক্রম চলাকালে একটি বেসামরিক হেলিকপ্টার নিখোঁজ হয়। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হেলিকপ্টারটিতে চারজন যাত্রীকে বহন করা হচ্ছিল।

বন্যার পানি দ্রুত সমস্ত শহরে ঢুকে পড়ে । সেখানে আকস্মিক বন্যায় হাজার হাজার লোক খাবার পানি সংকটে রয়েছে । বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে। খবর রয়টার্স।