বুধবার মেক্সিকোর পেমেক্স পরিচালিত একটি তেল উত্তোলন মঞ্চে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে ১৬ জন আহত হয়েছে। খবর এএফপি’র।
এই দুর্ঘটনার পর সেখান থেকে ৩০০ জনকে সরিয়ে নেয়া হয়েছে। আগুন নেভাতে জলকামানসহ আটটি নৌযান মোতায়েন করা হয়েছে।
এই ভয়াবহ বিস্ফোরণের পর অাগুনে মেক্সিকোর ক্যাম্পেচ সাউন্ড উপসাগরে অবস্থিত আবকাতুন এ-পারমানেন্টে মঞ্চটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
এএসইএ জ্বালানী নিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানায়, ক্যাম্পেচে স্টেটের পূর্ব উপকূলে স্থানীয় সময় ভোট ৩টা ৪০ মিনিটে তেল উত্তোলন মঞ্চটির পানিশূন্য ও পাম্প এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
পেমেক্সের এক মুখপাত্র বলেন, আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। তবে পুরোপুরি নেভানো যায়নি।
পেমেক্স এক বিবৃতিতে জানায়, সাগরে তেল ছড়িয়ে পড়েনি। তবে তেলের লাইনে ছিদ্র হয়েছে এবং অগ্নি নির্বাপণকারী বিশেষ জাহাজ তা নিয়ন্ত্রণ করেছে।
এই ঘটনায় আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। এই ঘটনায় আহত হয়ে মোট ৪৫ জন চিকিৎসা নিয়েছে। তবে অধিকাংশই সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
পেমেক্সের পরিচালক এমিলিও লোজোয়া জানান, তেল প্রক্রিয়াকরণ মঞ্চে এই দুর্ঘটনার কারণে তেল উৎপাদনের ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়বে না। কারণ এখানে তেল উৎপাদন করা হয়না।
পেমেক্স থেকে বলা হয়, এই ঘটনায় যারা মারা গেছেন তাদের একজন কোম্পানির কর্মী ও একজন ঠিকাদারী প্রতিষ্ঠান কোটেমারের কর্মী। অপর দুই জনের পরিচয় এখনো জানা যায়নি।
মেক্সিকোর প্রেসিডেন্ট এরিক পেনা নিয়েতো এই ঘটনায় যারা মারা গেছে তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদন জানিয়েছেন এবং এ ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
