স্ত্রী ও মেয়ে হত্যার দায়ে মার্ক লুন্ডি ফের দোষী

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ১৮:৩০
 
 
 
 
স্ত্রী ও সাত বছর বয়সী মেয়েকে হত্যার দায়ে মার্ক লুন্ডিকে পুনরায় দোষী সাব্যস্ত করেছে নিউজিল্যান্ডের আদালত। ইন্সুরেন্সের টাকার জন্য ডাকাতির ঘটনা সাজিয়ে ২০০০ সালে পালমের্সটন নর্থ এলাকার বাড়িতে তিনি স্ত্রী ক্রিস্টিন ও মেয়ে অ্যাম্বারকে হত্যা করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। খবর বিবিসির।
হত্যাকাণ্ডের জন্য ২০০২ সালেই লুন্ডিকে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। কিন্তু নতুন প্রমাণ বেরিয়ে আসার পর ২০১৩ সালে ব্রিটেনের প্রিভি কাউন্সিল অভিযোগটি পাল্টে ফেলেছিল। স্থানীয় সময় বুধবার ওয়েলিংটন হাইকোর্টে জুরিরা সর্বসম্মতিক্রমে লুন্ডিকে পুনরায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
উল্লেখ্য, লুন্ডি যখন প্রথমবার দোষী সাব্যস্ত হন সেই সময় নিউজিল্যান্ডে সুপ্রিম কোর্ট না থাকায় এটি নিয়ে ব্রিটেনের প্রিভি কাউন্সিলে আপিল করা হয়েছিল। প্রিভি কাউন্সিল পুনর্বিচারের আদেশ দেয় এবং ২০১৩ সালে লুন্ডি জামিনে মুক্তি পেয়েছিলেন।