প্রচারণায় গাড়ি ব্যবহারের সুবিধা পাবেন নারী কাউন্সিলর প্রার্থীরা

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ১৯:৫৬
ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা কাজে গাড়ি ব্যবহারের সুবিধা পাবেন নারী কাউন্সিলর প্রার্থীরা। সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো এ সুযোগ পেতে যাচ্ছেন তারা।
 
বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। শিগগিরই বিষয়টি চিঠি দিয়ে রিটার্নিং কর্মকর্তাদের জানিয়ে দেয়া হবে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
 
নির্বাচনী বিধি-বিধান অনুযায়ি, শুধু মেয়র ও তার নির্বাচনী এজেন্ট গাড়ি ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন। সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা ওই সুযোগ পেতেন না।
 
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নারী কাউন্সিলর প্রার্থীরা একইসঙ্গে তিনটি ওয়ার্ডে প্রচারণা চালাতে হয়। গাড়ি ব্যবহারের সুবিধা না থাকায় তিনটি ওয়ার্ডে প্রচারণা চালানো তাদের পক্ষে কষ্টকর হয়ে যায়। এসব বিবেচনায় নারী কাউন্সিলর প্রার্থীদের গাড়ি ব্যবহারের সুযোগ দিতে যাচ্ছে ইসি। তবে প্রার্থীর নির্বাচনী এজেন্ট আলাদা গাড়ি ব্যবহারের সুযোগ পাবেন না।