স্পেনের লা লিগায় সবচেয়ে বেশি গোল করা লিওনেল মেসিকে চোট সারিয়ে বার্সেলোনার পরবর্তী খেলায় সেল্টা ভিগোর মাঠেই দেখা যেতে পারে। এই চোটের কারণে আর্জেন্টিনা অধিনায়ক জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি।
মেসি গত মাসে এল ক্লাসিকোর লড়াইয়ে রিয়ালের মাদ্রিদের বিপক্ষে খেলার পর থেকেই হালকা চোটে ভুগছেন। এ কারণে আর্জেন্টিনার হয়ে এল সালভাদর এবং ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি।
আন্তর্জাতিক ফুটবলের কারণে বিরতি শেষে আগামি রবিবার লা লিগায় খেলা পড়েছে বার্সেলোনার।
এদিন পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি খেলতে যাবে সেল্টা ভিগোর মাঠে। ম্যাচে ‘সুস্থ্’ মেসিকেই পাবে বলে আশা করা হচ্ছে বার্সেলোনা।
এ ব্যাপারে দলের রক্ষণভাগের খেলোয়াড় পিকে বলেন, ‘মেসির ব্যাপারে আমি আশাবাদী, তার সঙ্গে আমি কথা বলেছি। আমি মনে করি সে ব্যালেদসে (সেল্টা’র স্টেডিয়াম) খেলতে পারবে।’
মেসির সঙ্গে বার্সার ইয়ুথ একাডেমি থেকে উঠে আসা পিকে আর্জেন্টিনা অধিনায়কের খেলার উপযোগী হয়ে ওঠা প্রসঙ্গে বলেন, ‘শেষ পর্যন্ত দেখা যাক এক সপ্তাহের বিশ্রাম শেষে সে কেমন অনুভব করে।
এ ব্যাপারে মেডিক্যাল কর্মীরাই সিদ্ধান্ত নেবেন। তবে তার ব্যাপারে আমার অনুভূতি হলো, সেল্টার বিপক্ষে খেলবে সে।’
বার্সেলোনা লা লিগায় সর্বশেষ খেলায় ক্যাম্প ন্যুতে ‘এল ক্লাসিকো’র লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান সুদৃঢ় করে। রিয়ালের সঙ্গে কাতালানদের পয়েন্ট ব্যবধান এখন চার। যদিও এখনো দশটি করে ম্যাচ অবশিষ্ট আছে দলগুলোর।
রিয়ালও বিরতি শেষে রবিবার মাঠে নামছে । এদিন নিজেদের মাঠে গ্রানাডাকে আতিথ্য দেবে কোচ কার্লো অ্যানচেলত্তির দল। ম্যাচটির মধ্য দিয়ে মাদ্রিদের এ দলটির লক্ষ্য থাকবে নৈপূণ্যের পথে ফেরা। কেননা সময়টা ভালো যাচ্ছে না তাদের। সব ধরনের প্রতিযোগিতায় গত চার খেলার তিনটিতেই হারতে হয় রিয়ালকে।
পক্ষান্তরে সাফল্যের পথ ধরে এগিয়ে চলছে বার্সা। গত সাত ম্যাচের সবক’টিতেই টানা জয় পাওয়ায় সামনে ২০০৯ সালের সাফল্য হাতছানি দিচ্ছে। সেবারের মতো এবারো দলটির সামনে আছে চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ লিগ এবং স্প্যানিশ কাপ জিতে ট্রেবল জয়ের সুযোগ। এর মধ্য দিয়ে শিরোপাহীন গত মৌসুমের ব্যর্থতাও কাটাতে পারবে বার্সা। সর্বশেষ ছয় মৌসুমের মধ্যে বার্সা গতবারই শিরোপাহীন ছিল।
—সুপার স্পোর্টস
