কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলায় নিহত ৭০

আপডেট : ০৩ এপ্রিল ২০১৫, ১৩:৫১

কেনিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় গারিসা প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আল শাবাব ৭০ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে। আহত হয়েছে অনেকে। আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছেন। জঙ্গিরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছে। বন্দুকধারীদের প্রতিরোধ করতে সেনা সদস্যরা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে ফেলেছে। খবর বিবিসি’র।

প্রত্যক্ষদর্শী জানায়, মুখোশধারী জঙ্গিরা নির্বিচারে গুলি করে হত্যা করছে। আল কায়েদার সাথে সংশ্লিষ্ট আল শাবাব জঙ্গিরা খ্রিস্টান শিক্ষার্থীদের জিম্মি করে রাখলেও মুসলিম শিক্ষার্থীদের মুক্তি দিচ্ছে। নিহতের সংখ্যা ৭০ জন ছাড়িয়ে গেছে বলে গতকাল ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ব্রেকিং নিউজে জানানো হয়। ঐ অঞ্চলে এর আগের হামলাগুলোতেও আল শাবাব জঙ্গি গোষ্ঠী মুসলিমদের মুক্তি দিয়ে নন মুসলিমদের হত্যা করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ এনকায়সারি সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে পাঁচজন জঙ্গি প্রবেশ করে শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছে। এক জঙ্গি পালানোর চেষ্টা করলে নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে নিহত হয়। বিশ্ববিদ্যালয়ের ৮১৫ জন শিক্ষার্থীর মধ্যে এখন পর্যন্ত ৫৩৩ জনের হিসাব পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এদের বেশিরভাগই ভেতরে জিম্মি রয়েছে।

ঘটনাস্থল থেকে এক পুলিশ সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বেশ কিছু শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে জিম্মি করে রাখা হয়েছে। ভেতরে ঠিক কত সংখ্যক শিক্ষার্থীকে জিম্মি করে রাখা হয়েছে এই মুহুর্তে নিশ্চিত করতে পারছি না। কলেজের কার্যক্রম পুরোদমে চলছিলো বলে জিম্মি শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ার কথা। কেনিয়ার রেড ক্রসের পক্ষ থেকে বার্তা সংস্থা এএফপিকে বলা হয়েছে, অন্তত ৫০ শিক্ষার্থী অক্ষত মুক্তি পেয়েছে। তবে অজ্ঞাত সংখ্যক শিক্ষার্থী এখনো ভেতরে অবরুদ্ধ রয়েছে।