কেনিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশের গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক জঙ্গিগোষ্ঠী আল শাবাব দেড়শ’ জনকে গুলি করে হত্যা করেছে। কেনিয়া সরকার এ তথ্য জানিয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে জিম্মি নাটকের অবসান হয়েছে। চারজন জঙ্গি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। নয়জন ছাত্র গুরুতর আহত হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
বিশ্ববিদ্যালয়ে রাতে কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার সকালে এ হামলা চালানো হয়। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় দুই নিরাপত্তারক্ষীকে হত্যা করে জঙ্গিরা। ক্লাসে পরীক্ষার সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। আহত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মুখোশধারী জঙ্গিরা নির্বিচারে গুলি করে হত্যা করে। আল কায়েদার সাথে সংশ্লিষ্ট আল শাবাব জঙ্গিরা খ্রিস্টান শিক্ষার্থীদের জিম্মি করে রাখলেও মুসলিম শিক্ষার্থীদের মুক্তি দেয়। ওই অঞ্চলে এর আগের হামলাগুলোতেও আল শাবাব জঙ্গিগোষ্ঠী মুসলিমদের মুক্তি দিয়ে নন মুসলিমদের হত্যা করেছে। বিশ্ববিদ্যালয়ের ৮১৫ জন শিক্ষার্থী ছিল। ঘটনাস্থল থেকে এক পুলিশ সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এর আগে বেশ কিছু শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে জিম্মি করে রাখা হয়।
