ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মধ্যরাতে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য প্রায় ছয় কোটি টাকা বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, মধ্যরাতে বিমানবন্দরের কার্গো ইউনিটে একটি কাঠের বাক্স থেকে প্রতিটি এক কেজি ওজনের মোট ১২টি সোনার বার উদ্ধার করা হয়। রাতে হংকং থেকে আসা ক্যাথি প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঐ বাক্সটি আনা হয়। বাক্সটিতে বৈদ্যুতিক পাখার সঙ্গে সোনার বারগুলো ছিল। ‘জারা ইন্টারন্যাশনাল’র নামে বাক্সটি আনা হয়েছিল বলে জানান তিনি।
