ইরানের পরমাণু ইস্যু

প্রধান কিছু ইস্যুতে আটকে আছে চুক্তি

আপডেট : ০৩ এপ্রিল ২০১৫, ১০:৪০
 
ইরানের পরমাণু ইস্যুতে একটি চুক্তি করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান ও বিশ্বের ছয়টি প্রভাবশালী রাষ্ট্র। সুইজারল্যান্ডের লুজান শহরের বিউ রিবেজ হোটেলে অনুষ্ঠিত আলোচনায় অগ্রগতি হলেও প্রধান কিছু ইস্যুতে চুক্তির সম্ভাবনা আটকে আছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। নির্দিষ্ট সময়সীমার পরও দুই দিন সময় বাড়ানো হয়েছে। খবর বিবিসি, রয়টার্স ও নিউইয়র্ক টাইমসের।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, আলোচনায় অনেক অগ্রগতি আছে। তবে বেশি কিছু প্রধান ইস্যুতে একমত হওয়া সম্ভব হয়নি। তবে চুক্তির একটি বিস্তৃত রূপরেখার বিষয়ে ইরান ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে একমত হওয়া গেছে। চীন হুঁশিয়ারি দিয়েছে, একটা সমঝোতায় না পৌঁছাতে পারলে পূর্ববর্তী সব চেষ্টা ব্যর্থ হবে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানির মধ্যে আলোচনা গতকাল বৃহস্পতিবার পুনরায় শুরু হয়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে একটি প্রাথমিক চুক্তির শেষ সময় ছিল মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত; কিন্তু নির্ধারিত সময়ে কোন সমঝোতায় না পৌঁছাতে পারায় সময় দুই দফা বাড়ানো হয়। এর মধ্যে সম্ভব না হলে সময় আরো বাড়তে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র কূটনীতিক জানিয়েছেন। বিশ্বের ছয় শক্তি চায়, এক বছরের কম সময়ের মধ্যে ইরান কোন পরমাণু অস্ত্র তৈরি করবে না। এক্ষেত্রে দেশটির ওপর থেকে পর্যায়ক্রমে অবরোধ প্রত্যাহার করা হবে। তবে ইরান চুক্তির পরই অবরোধ প্রত্যাহার চায়।