মূল ইস্যুতে সমঝোতা

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হচ্ছে

আপডেট : ০৩ এপ্রিল ২০১৫, ১০:৩৯
পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে একটি চুক্তি করতে সমঝোতায় পৌঁছেছে বিশ্ব ছয় শক্তিধর দেশ। ইইউ পররাষ্ট্র নীতির প্রধান ফেডেরিকা মগহেরিনি। গতকাল বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, আমরা মূল ইস্যুগুলোতে একটি সমঝোতায় আসতে সমর্থ হয়েছি। শিগগিরই দুই পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি আসতে পারে। গত এক সপ্তাহ ধরে সুইজারল্যান্ডের লুজানে ইরানের সঙ্গে ছয় দেশের প্রতিনিধিদের আলোচনা চলছে। খবর বিবিসি, রয়টার্স ও সিএনএন’র।
পশ্চিমা বিশ্বের এক কর্মকর্তা জানিয়েছেন, সমঝোতা অনুযায়ী আগামী দশ বছরের জন্য ইরান সীমিত আকারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালাবে। তাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চূড়ান্ত চুক্তির জন্য একটি সমঝোতায় আসা সম্ভব হয়েছে। সংবাদ সম্মেলনের আয়োজনের ব্যবস্থা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এক টুইটার বার্তায় জানিয়েছেন, সমাধান হয়েছে। প্রাথমকি চুক্তির খসড়া তৈরির কাজ শুরু হবে। নির্দিষ্ট সময়সীমার পরও সময় দুই দিন বাড়ানো হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানির মধ্যে আলোচনা গতকাল বৃহস্পতিবার পুনরায় শুরু হয়। পরমাণু কর্মসূচি নিয়ে একটি প্রাথমিক চুক্তির শেষ সময় ছিল মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ে কোন সমঝোতায় না পৌঁছাতে পারায় সময় দুই দফা বাড়ানো হয়।