দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে আগামী ১৫ জুন বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলে নিজেদের প্রস্তুতি জোরদার কারার সুযোগ পাচ্ছেন টাইগাররা। পাকিস্তান সিরিজের আগে এই বিসিএল খেলোয়াড়দের প্রস্তুত হতে সাহায্য করবে বলে মনে করছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরির বিরল এক রেকর্ড গড়া রিয়াদ এই সুযোগ দেয়ার জন্য সাধুবাদ জানাচ্ছেন বোর্ডকে। ক্রিকেটারদের নিজেদের প্রস্তুত করার দারুণ সুযোগ জানিয়ে রিয়াদ বলেন, ‘পাকিস্তান সিরিজের আগে বিসিএল টুর্নামেন্টের আয়োজন করা সত্যিকার অর্থেই ভালো উদ্যোগ। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)কে ধন্যবাদ দিতে হবে। এই টুর্নামেন্টে খেলে পাকিস্তান সিরিজের আগে ভালোভাবে প্রস্তুতি নেয়ার সুযোগ পাবো আমরা। নিজেদেরকে ঝালিয়ে নেয়ার এটাই সুবর্ণ সুযোগ।’
বিসিএল নিয়ে আলাদাভাবে কোন লক্ষ্য আছে কিনা জানতে চাইলে জাতীয় দলের তারকা এই ক্রিকেটার বলেন, ‘ওভাবে কোনো টার্গেট নেই। বিসিএলটা ঠিকমত খেলতে চাই। ফ্রেঞ্চাইজিদের যেই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, সেই মোতাবেক কাজ করতে চাই। বিশ্বকাপ শেষ হয়ে গেছে। এখন ওটা নিয়ে চিন্তা করা ঠিক হবে না। ওটা এখন অতীত। এখন বিসিএল নিয়ে চিন্তা-ভাবনা। এখানে ভালো পারফর্ম করতে হবে। দলকে চ্যাম্পিয়ন করতে হবে।’
টুর্নামেন্টে সেন্ট্রাল জোনের অধিনায়কের দায়িত্ব পালন করতে যাওয়া রিয়াদ নিজের দল প্রসঙ্গে বলেন, ‘আমাদের দলটা টুর্নামেন্টের সেরা দল। আমাদের দলে ভালো মানের কয়েকজন বাঁহাতি স্পিনার, অফস্পিনার ও পেস বোলার রয়েছেন। ব্যাটিং বিভাগটাও বেশ স্ট্রং। আমি বলবো টুর্নামেন্টের সেরা কম্বিনেশন। সবাই ইনফর্ম। আব্দুল মজিদ, রনি তালুকদার,শামসুর রহমান শুভ, মার্শাল আইয়ুব সবাই বেশ ভালো ফর্মে আছেন। মাঠে এখন ভালো করতে হবে। অলরাউন্ডারিং কম্বিনেশনে দলটিকে এগিয়ে রাখবো। কিন্তু মাঠে পারফর্ম করতে হবে। টুর্নামেন্টের চারটি দলই ভালো। তবে যে দল মাঠে পারফর্ম করবে এবং চাপ নিতে পারবে সে দল শিরোপা জিতবে।’
