কারাগারে দিন কাটাচ্ছেন চীনের ৫ 'নারীবাদী গেরিলা'

আপডেট : ০৩ এপ্রিল ২০১৫, ১৯:১৫
 
অন্তর্জাতিক মহলের সমালোচনা উপেক্ষা করে পাঁচ জন 'নারীবাদী গেরিলা' কে প্রায় চার সপ্তাহ ধরে বন্দী করে রেখেছে চীন। অল্প কয়েকজন সদস্য নিয়ে গঠিত দেশটির নারীবাদী একটি সংগঠন সমাজের বিভিন্ন অসঙ্গতি ও নারীদের সমঅধিকারের দাবি তুলে ধরতে অভিনব কায়দায় বিক্ষোভ দেখাতো। একারণে সংগঠনটির সদস্যরা নারীবাদী গেরিলা হিসেবে পরিচিতি পেয়েছে চীনে।
গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের ঠিক আগে তাদেরকে গ্রেফতার করে চীনা পুলিশ। তাদের আটকের বিরুদ্ধে সমালোচনা করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। তবে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার প্রতি এখনো কর্ণপাত করেনি চীনা কর্তৃপক্ষ। আটককৃতদের বিরুদ্ধে সমাজের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
সংগঠনটির সদস্যরা তাদের নারীবাদী প্রচারণা চালানোর উদ্দেশ্যে গেরিলা পদ্ধতিতে রাস্তায় নামতেন। একবার তারা বিয়ের পোশাক পরে তাদের দাবির কথা ফেস্টুনে লিখে রাস্তায় নেমেছিলেন। সেসময় তারা নারীদের দুঃখ দুর্দশার কথা জানান দিতে বিয়ের পোশাকে লাল রঙ লাগিয়ে রাস্তায় নামেন। আরেকবার সংগঠনটির সদস্যরা নারীদের জন্য পর্যাপ্ত পাবলিক টয়লেট নির্মাণের দাবি তুলেন।
নারী দিবসকে সামনে রেখে যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে লিফলেট বিতরণ, বাসে ও ট্রেনে স্টিকার লাগানোর কর্মসূচী ছিল। কিন্তু তাদের প্রচার শুরু করার আগেই পুলিশ গিয়ে সংগঠনটির ১০ জন সদস্যকে আটক করে পুলিশ। এদের ভেতর পাঁচজনকে এক মাস আটকে রাখার পর মুক্তি দেয় কর্তৃপক্ষ। আটক অপর পাঁচজনের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। সূত্র: বিবিসি