মিসরের সিনাই উপত্যকায় জঙ্গি হামলায় ১৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৫ জন সেনা সদস্য রয়েছেন। ইসরাইল- গাজা সীমান্তের কাছে স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসির।
নিরাপত্তা সূত্রে জানানো হয়েছে—শেখ জুয়েদ শহরের বিভিন্ন তল্লাশি চৌকিতে বন্দুকধারীরা গুলি ও রকেট হামলা চালায়। এতে ২ জন বেসামরিক নাগরিক ১৫ সেনা নিহত হয়। এ সময় ইসলামিক স্টেট গ্রুপের সাথে সংশ্লিষ্ট সিনাই প্রোভিন্স নামের এক জঙ্গি দলের সাথে মিসরীয় বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়।
এ দিকে এ বছর সিনাইয়ে সংঘর্ষে অসংখ্য সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত মার্চে সন্দেহভাজন জঙ্গি হামলায় ৭০ জন নিহত হয়েছে বলে সেনাবাহিনী দাবি করেছে। এ ছাড়া, এ উপত্যকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে আইএস প্রধান বাগদাদির অনুসারী এই জঙ্গি গ্রুপ। এর মধ্যে গত ২৯ জানুয়ারি সিরিজ হামলা চালায় তারা। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়।
