আগামীকাল শুরু বিসিএল

আপডেট : ০৪ এপ্রিল ২০১৫, ০১:৪৫

বিশ্বকাপের পর বিরতিটা বাংলাদেশের খুব লম্বা হলো না। গতকালই আবার ক্রিকেটারদের পদচারণায় মুখর হয়ে উঠলো মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম।

না, পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য জাতীয় দলের প্রস্তুতি এখনও শুরু হয়নি। শুরু হয়ে গেছে প্রস্তুতিমূলক ঘরোয়া টুর্নামেন্ট ‘বাংলাদেশ ক্রিকেট লিগ ওয়ানডে’-এর প্রস্তুতি। আগামীকাল থেকে মাঠে গড়াবে চার দলের এই ‘লিস্ট এ’ টুর্নামেন্ট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত রবিন লিগের শেষে ১১ এপ্রিল ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরেই। 
এই টুর্নামেন্টটাকে দেখা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে ১৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে। আর সে জন্যই জাতীয় দলের সম্ভাব্য সব খেলোয়াড়কেই খেলার মধ্যে রাখতে চায় বিসিবি। যদিও বিসিএলের প্রথম রাউন্ডে অন্তত জাতীয় দলের বিশ্বকাপ খেলে আসা বেশ কয়েক জন তারকাকে পাচ্ছে না এই টুর্নামেন্ট। সাকিব আল হাসান আইপিএল খেলতে কলকাতা চলে গেছেন, তামিম ইকবাল ওমরাহ পালন করছেন, সৌম্য সরকারের সামান্য চোট আছে। এ ছাড়াও বিশ্রামে থাকতে পারেন কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে মাশরাফি বিন মুর্তজা প্রথম রাউন্ড খেললে পরের দু’রাউন্ড হয়তো খেলবেন না।
বিসিএলের চার দল—মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল অংশ নেবে এই টুর্নামেন্টে। প্রথমে রবিন লিগে প্রত্যেকে প্রত্যেকের বিপক্ষে একবার করে খেলবে। ৫ এপ্রিল মিরপুর ও ফতুল্লায় দুটি ম্যাচের ভেতর দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে, মিরপুরে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল এবং ফতুল্লায় উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল মুখোমুখি হবে। ৬ ও ৭ তারিখ দুই ভেন্যুতে একটি করে খেলা অনুষ্ঠিত হবে। আবার ৯ তারিখে দুই ভেন্যুতে এক যোগে এক জোড়া খেলা দিয়ে শেষ হবে গ্রুপপর্বের লড়াই। এরপর ১১ এপ্রিলের ফাইনালে অংশ নেবে পয়েন্ট তালিকার সেরা দুই দল। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই ফ্লাড লাইটে অনুষ্ঠিত হবে। পাকিস্তান সফরের আগে ওয়ানডে অনুশীলনটা ধরে রাখা এবং বিসিএল দলগুলোর মালিকপক্ষ থেকে জাতীয় দলের তারকাদের মাঠে রাখার চাপ বিবেচনায় রেখে এই টুর্নামেন্ট করা হচ্ছে। বিসিএলের চারদিনের টুর্নামেন্ট শুরু হবে ২০ এপ্রিল থেকে। সেখানে জাতীয় দলের খেলোয়াড়দের থাকার সম্ভাবনা নেই। তাই চারটি দলের মধ্যে যে তিনটি বাইরের মালিক আছে, সেই ওয়ালটন, প্রাইম ব্যাংক ও ইসলামী ব্যাংক দাবি করছিল, জাতীয় দলের তারকাদের নিয়ে একটি টুর্নামেন্ট দাবি করছিল।
একদিনের টুর্নামেন্ট
বাংলাদেশ ক্রিকেট লিগ
তারিখ                         খেলা                                                        ভেন্যু
৫ এপ্রিল                           দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল                                    মিরপুর
৫ এপ্রিল                            উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল                                     ফতুল্লা
৬ এপ্রিল                            মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল                                    ফতুল্লা
৭ এপ্রিল                            পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল                                     ফতুল্লা
৯ এপ্রিল                             দক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চল                                  ফতুল্লা
৯ এপ্রিল                             মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল                                       মিরপুর

১১ এপ্রিল                           ফাইনাল                                                   মিরপুর