জামায়াত-শিবিরসহ উগ্রবাদী শক্তি নিষিদ্ধ করতে হবে

আপডেট : ০৪ এপ্রিল ২০১৫, ০২:০১

একের পর এক মুক্তমনা ব্লগারদের হত্যা কোনভাবে মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের মানববন্ধনে বক্তারা। তারা বলেন, বাংলাদেশে এই হত্যাকাণ্ড কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং পাকিস্তান ও আফগানিস্তানের মত বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার পরিকল্পিত চেষ্টা। বাংলাদেশ ব্যাংক তাদের অর্থায়নের ওপর নজর রাখছে বলে যে বক্তব্য দেয় তাতে তারা সন্তুষ্ট নয়। তারা সরকার ও সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তির কাছে অবিলম্বে জামায়াত-শিবিরসহ উগ্রবাদী রাজনীতির ধারকবাহক সকল শক্তিকে নিষিদ্ধ করে তাদের অর্থায়নের সকল উত্স বন্ধ করার দাবি জানান। গতকাল শুক্রবার ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়ের সভাপতিত্বে ঘোষণাপত্র উপস্থাপন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী। উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার, ড. আজিজুর রহমান, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান. গণজাগরণ মঞ্চের আহবায়ক ড.ইমরান এইচ সরকার, জাতীয় গার্মেন্টস ও দর্জি ফেডারেশন-এর সভাপতি আবদুল ওয়াহেদ, আন্দোলনের যুগ্ম সম্পাদক শায়লা আহমেদ লোপা প্রমুখ।
ঘোষণাপত্রে বলা হয়,অভিজিত্ হত্যার এক মাসের মধ্যে ব্লগার ওয়াশিকুর রহমান হত্যায় সম্মিলিত সামাজিক আন্দোলন চরমভাবে ক্ষুব্ধ ও মর্মাহত। অভিজিেক যেভাবে হত্যা করা হয়েছিল, সেভাবেই ওয়াশিকুর রহমান হত্যা প্রমাণ করে এই উগ্রবাদীদের কর্মকাণ্ড কতটা সুদূরপ্রসারী এবং পরিকল্পিত। ১৯৭৫ সাল থেকে বাংলাদেশ সৃষ্টির মর্মবাণী অসাম্প্রদায়িক সমাজ সৃৃষ্টির মূলে কুঠারাঘাত করে চলেছে তারা। সমপ্রতি প্রশাসনের অভিজিত্ হত্যার সময়ে কর্তব্যরত পুলিশের পক্ষে সাফাই গাওয়ার সমালোচনা করেন তারা। তারা আশঙ্কা করেন জঙ্গিবাদ কঠোরভাবে দমন করা না গেলে ‘ভিশন-২০২১’ অর্জিত হবে না।
পঙ্কজ ভট্টাচার্য মনে করেন, সর্ষের মধ্যে ভূত থাকলে কোন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নিরাপদ নয়।
ড. আজিজুর রহমান বলেন, ’৭৫-এর পর থেকে ’৭১-এর পরাজিত শক্তি মুক্তচিন্তার মানুষের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে বিচারহীনতার জন্য। রোকেয়া কবীর বলেন, নারীদের ঘরে বন্দী করার যড়যন্ত্র কার্যকর করতে তারা তত্পর। প্রতিদিনই মুক্ত চিন্তার মানুষ হত্যা হবে আমরা পথে দাঁড়াবো তা হতে পারে না। আমরা আর কোন হত্যাকাণ্ড চাই না বলে হুঁশিয়ারি দেন তিনি।

বক্তারা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, সরকার সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের পক্ষে কি না তা স্পষ্ট করতে হবে। বক্তব্য শেষে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগান দিয়ে টিএসসি পর্যন্ত পদযাত্রায় অংশ নেন।