আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়া হরতাল অবরোধের নামে দেশের মানুষকে আগুনে পুড়িয়ে ও পেট্রোল বোমা মেরে দগ্ধ করে এখন বাড়িতে ফিরে যাচ্ছেন। বলতে হয় সেইতো মন খসালি, তবে কেন লোক হাসালি। প্রায় ৯০ দিনের বিফল হরতাল অবরোধের সময় তিনি নিজ ইচ্ছায় গুলশান কার্যালয়ে অবরোধ্য থেকে অবশেষে বাড়িতে ফিরে যাচ্ছেন।
শনিবার শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ১৯ বছর পর স্থানীয় কল্পনা সিনেমা হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে কৃষিমন্ত্রী আরো বলেন, বঙ্গন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার নিয়তি হচ্ছেন জননেত্রী শেখ হাছিনা। তিনি দেশের মানুষের অন্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও কৃষি উৎপাদন খাতকে প্রাধান্য দিয়ে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ হিসাবে গড়ে তুলার যে কাজ করে যাচ্ছেন তা বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে রোল মডেল হিসাবে প্রসংশিত হচ্ছে।
সম্মেলন উদ্বোধন করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক ওয়াসিম কোমার উকিল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রি মির্জা আজম এমপি, সংসদ সদস্য ও প্রকৌশলী ফজলুল হক চান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, যুগ্ন সম্পাদক সানোয়ার হোসেন সানু, ও নকলার সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ বেরহান উদ্দিন।
