রাজধানীর ধানমন্ডির একটি বাড়ি থেকে সাত কোটি টাকা মূল্যের একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শনিবার সকালে ধানমন্ডির ৫ নম্বর রোডের ২৩/এ নম্বর বাড়ির পার্কিংয়ের স্থান থেকে গাড়িটি জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, ধানমন্ডির ব্যবসায়ী বেলায়েত হোসেন বিআরটিএ’র কাছে ২০০৯ সালের ১৫ এপ্রিল ভূয়া কাগজপত্র দিয়ে এই গাড়িটি রেজিষ্ট্রেশন করেন।
তিনি আরো বলেন, বিআরটিএ’র কাছে জমা দেয়া কাগজপত্র যাচাই করে দেখা যায যে, অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে গাড়িটি দেশে আনা হয়। এই গাড়ির মূল্য প্রায় ৭ কোটি টাকা। এই গাড়ির শুল্ক ৩ কোটি টাকা। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। বিষয়টি তদন্ত করে শনিবার সকালে ঐ বাড়ি থেকে গাড়িটি জব্দ করা হয়। গাড়িটি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে রাখা হয়েছে।
