নির্বাচনী এলাকায় গ্রেফতার-তল্লাশি বন্ধ করুন: ২০ দল

আপডেট : ০৪ এপ্রিল ২০১৫, ২২:০৩
 
২০ দলের পক্ষে বিএনপির যুগ্মমহাসচিব বরকত উল্লাহ বুলু শনিবার এক বিবৃতিতে বলেছেন, তিন সিটি কর্পোরেশন এলাকায় বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে গ্রেফতার ও তাদের বাসা-বাড়ি অফিসে তল্লাশি বন্ধ করে নির্বাচন নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উত্সবমুখর করার সুযোগ দিন।
 
তিনি বলেন, একদিকে আগামী ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন; অন্যদিকে বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে গ্রেফতারে পুলিশের অযাচিত বাড়াবাড়ি গোটা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ, কলুষিত ও আতঙ্কিত করে তুলেছে।
 
 তিনি বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনসহ স্থানীয় যেকোনো নির্বাচনের ক্ষেত্রে সরকার নির্বাচন কমিশনের যেকোনো পরামর্শ ও নির্দেশনা মানবে এটাই বিধান। কিন্তু ‘ইসির নির্দেশ মানতে সংসদ সচিবালয় বাধ্য নয়’ মর্মে ইসিতে প্রেরিত চিঠি একদিকে যেমন নির্বাচন কমিশনকে বিস্মিত করেছে; অন্যদিকে সমগ্র দেশবাসীও হতাশ হয়েছে। সংসদ সচিবালয় কর্তৃক নির্বাচন কমিশনের প্রতি এহেন অসহযোগিতামূলক আচরণ নি:সন্দেহে নির্বাচন কমিশনকে অবজ্ঞা করারই সামিল।
 
তিনি বলেন,নির্বাচনী মাঠে নির্বাচন কমিশন কর্তৃক সরকার সমর্থিত প্রার্থী ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে ক্রমাগত বিমাতাসূলভ আচরণ নির্বাচনী পরিবেশকে আরো বেশী মাত্রায় সন্দেহপ্রবণ, কণ্টকাকীর্ণ করে তুলেছে।