আইসিসি সভাপতি পদ থেকে পদত্যাগ করে আ হ ম মুস্তফা কামাল এন শ্রীনিবাসনকে আক্রমণ করে কথা বলায় একটা শঙ্কা তৈরি হয়েছিল যে, ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক খারাপ হয়ে যাবে। কিন্তু গত দু দিন ধরে হাওয়া ঘুরতে শুরু করেছে। খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি শুরু হয়েছে আইসিসি চেয়ারম্যান ও সাবেক বিসিসিআই সভাপতি শ্রীনিবাসনের। ফলে ভারত যথাসময়ে বাংলাদেশ সফরে আসবে এবং ভারতীয় বোর্ড চূড়ান্ত লড়াইয়ে শ্রীনিবাসনের বিরোধীতা করবে বলে খবর প্রকাশ হতে শুরু করেছে সে দেশের সংবাদ মাধ্যমে।
এই দুইজন যে মুখোমুখি হতে চলেছেন তার সর্বশেষ প্রমাণ মিললো আইপিএলের চেয়ারম্যান নির্বাচন প্রসঙ্গে। এখানে শ্রীনিবাসনের পছন্দের প্রার্থীকে বাদ দিয়ে অজয় শিরকেকে ডালমিয়া দায়িত্ব দেবেন বলে খবরে প্রকাশ। এই অজয় শিরকেই শ্রীনিবাসন বিরোধী আন্দোলনের শুরুতে তার বিপক্ষে কথা বলে পদত্যাগ করেছিলেন।
