কেনিয়ায় আরেকটি রক্তাক্ত হামলার হুমকি আল শাবাবের

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ১১:১৩

সোমালিয়ার ইসলামিক জঙ্গি গোষ্ঠী আল শাবাব কেনিয়াতে আরেকটি রক্তক্ষয়ী হামলা চালানোর হুমকি দিয়েছে। আল শাবাবের এই হুমকির প্রতিক্রিয়ায় গারিসা কাউন্টির গভর্নর নাদিফ জামা বলেছেন, তারা কেনিয়াতে অমুসলিমদের হত্যা করে এক ধরনের বিভেদ তৈরি করতে চাইছে। তবে তাদের এই হামলার বিরুদ্ধে আমরা একজোট হয়েই প্রতিরোধ গড়ে তুলবো। খবর বিবিসি’র।

নাদিম জামা বলেন, আল শাবাব জঙ্গিরা সোমালিয়াতে মুসলিম এবং সোমালি সবাইকেই হত্যা করে। সেখানে তারা কোন বৈষম্য করে না। কিন্তু তারা সীমান্ত পার হয়ে কেনিয়াতে এসে অমুসলিমদের হত্যা করে কৌশলে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। এটা তাদের প্রতারণামূলক এবং শয়তানি মস্তিষ্কের বহিঃপ্রকাশ। তারা কেনিয়ার মুসলিম এবং অমুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করে ফায়দা নিতে চায়। তবে তারা ধ্বংসযজ্ঞ ছাড়া কিছুই করতে পারবে না।  
স্বরাষ্ট্র মন্ত্রী জোসেফ কায়সারি জানিয়েছেন, ঐদিনের নারকীয় হত্যাযজ্ঞের পর সোমালিয়ার নিকটবর্তী সীমান্ত এলাকা থেকে পাঁচ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সীমানা পার হয়ে তারা সোমালিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ঐ পাঁচ সন্দেহভাজন।

গত বৃহস্পতিবার গারিসা বিশ্ববিদ্যালয়ে  হামলা চালিয়ে ১৪৭ জনকে হত্যা করে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। এক সাথে এতো সংখ্যক শিক্ষার্থীর নিহতের ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ।