সিগারেটের প্যাকেটে ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে বিজেপির সংসদ সদস্যরা যখন বিতর্কের জন্ম দিয়ে চলেছেন ঠিক তখনই নিজ দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিগারেটের প্যাকেটে আরো বেশি জায়গা জুড়ে সতর্কতার ছবি প্রকাশের ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রী জেপি নদ্দাকে নির্দেশ দিয়েছেন মোদী। ধূমপানে ক্যান্সার হতে পারে এমন কোন তথ্য ভারতের কোন গবেষণায় পাওয়া যায়নি যুক্তি দেখিয়ে সতর্কতার জন্য এ ধরনের উদ্যোগ নিতে দেরি হচ্ছে বলে জানানো হয় সংসদীয় কমিটির পক্ষ থেকে। খবর এনডিটিভি’র।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিতে চান আর সেটা হলো মোদী সরকার তামাক লবির কাছে নতি স্বীকার করবে না। গত বছর স্বাস্থ্য মন্ত্রণালয় ১ এপ্রিল থেকে ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে সিগারেটের প্যাকেটের অন্তত ৮৫ ভাগ জায়গায় সতর্কতামূলক ছবি ব্যবহারের কথা বলেছিলো। তবে ভারতের কোন গবেষণায় ধূমপানের কারণে ক্যান্সারের কোন প্রমাণ নেই অজুহাতে এ কার্যক্রম ঝুলে আছে বলে সংসদীয় কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে। তবে বেশ কয়েকজন সংসদ সদস্য বলেছেন, বিদেশিদের চাপে ভারতের নতি স্বীকার করা উচিত হবে না।
ধূমপান বিষয়ক এক সংসদীয় কমিটির সদস্য এসসি গুপ্তের শত কোটি টাকার বিড়ি ব্যবসা রয়েছে। তিনি ধূমপানের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, ক্যান্সারের ভয়ে বিড়ি বন্ধ করে দিতে হলে তো ডায়াবেটিসের ভয়ে চিনিও বন্ধ করে দিতে হয়।
ব্যাঙ্গালোরে মোদীর উপস্থিতিতে বিড়ি সিগারেট বিষয়ক এক গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। যাদের নিজেদের বিড়ি সিগারেটের ব্যবসা রয়েছে তাদের এ ধরনের সংসদীয় কমিটিতে না রাখার জন্যও নির্দেশ দেন মোদী।
