অবরোধ ও হরতালে সহিংস ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন পোড়া রোগীদের বিনামূল্যে অপারেশনসহ চিকিত্সা সেবা দেবেন জার্মানি, নেদারল্যান্ড ও হাঙ্গেরির একদল বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জন। এই তিন দেশের উচ্চপর্যায়ের প্লাস্টিক সার্জন দলটি গতকাল শনিবার থেকে বার্ন ইউনিটে চিকিত্সা সেবা শুরু করেন। ইত্তেফাকের এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জার্মানির বিখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. হেঞ্জ হার্বাট হোমান বলেন, ঢাকা মেডিক্যালের এই বার্ন ইউনিট বিশ্বের সর্ববৃহত্। এত বড় বার্ন ইউনিট আর কোনো দেশে নেই। এই ইউনিটে কর্মরত প্লাস্টিক সার্জন, বিশেষজ্ঞ চিকিত্সক ও অন্য চিকিত্সকদের চিকিত্সা সেবা উন্নতমানের বলে তিনি মন্তব্য করেন। আগামী ১২ এপ্রিল পর্যন্ত এই বিশেষজ্ঞ দলটি চিকিত্সা সেবা দেবেন। দলটির নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ডা. হেঞ্জ হার্বাট হোমান।
বার্ন ইউনিটের তৃতীয়তলার কনফারেন্স রুমে গতকাল দুপুরে এক সাংবাদিক সম্মেলনে সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিব এ মিল্লাত এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন ও বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কালামসহ বিদেশি চিকিত্সকরা।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, চিকিত্সক প্রতিনিধি দলটি রোগীদের অস্ত্রোপচার, পোড়াজনিত রোগের চিকিত্সা, দুর্ঘটনাজনিত বিকলাঙ্গতা, শিশুদের জন্মগত বিকলাঙ্গতা, এসিড বার্নসহ বিভিন্ন বার্ন কন্ট্রাকচারের চিকিত্সা সেবা ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন।
অধ্যাপক ডা. হাবিব এ মিল্লাত বলেন, বাংলাদেশে আন্দোলনের নামে রাজনৈতিক সহিংসতায় দগ্ধ হয়ে শতাধিক মানুষ মারা গেছেন। এখনো অনেকেই হাসপাতালে চিকিত্সাধীন। এটা জেনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন। তাদের উদ্যোগেই এই চিকিত্সকরা ঢাকায় এসেছেন। তিনি বলেন, বিদেশি এসব চিকিত্সক নিজ খরচে বাংলাদেশে এসেছেন। তাদের হোটেলে থাকা-খাওয়ার খরচও তারাই বহন করছেন। চিকিত্সা সেবার জন্য কোনো পারিশ্রমিকও নিচ্ছেন না। মানবিকতার কথা চিন্তা করেই তারা দগ্ধদের পাশে এসে দাঁড়িয়েছেন। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়।
ডা. সামন্ত লাল সেন বলেন, আজ রবিবার থেকে প্লাস্টিক সার্জারি শুরু হবে। বার্ন ইউনিটের ৪টি অপারেশন থিয়েটারে আগামী সাত দিনে একশ’ থেকে দেড়শ’ রোগীর অপারেশন করা সম্ভব হবে বলে আশা করেন তিনি। বিনা খরচে রোগীরা এ চিকিত্সা সেবা পাবেন বলেও জানান তিনি।
বিদেশি চিকিত্সক প্রতিনিধি দলের সদস্যরা হলেন— জার্মানির বিখ্যাত বিজিইউ হাসপাতালের বার্ন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেঞ্জ হার্বাট হোমান, হাঙ্গেরির সিনিয়র প্লাস্টিক সার্জন ডা. গ্রেগ পাঠাকি, জার্মানির সেন্ট জোহান্স হাসপাতালের ডা. পিটার প্রিসেইলার, হাঙ্গেরির ডা. পিটার ভান্সকো, জার্মানির অগস্থা হাসপাতালের ডা. মার্ক খেইমের, জার্মানির ডা. ইভা ভারগা, হল্যান্ডের ওপি এবং বার্ন প্রশিক্ষক গ্রীতা হেসেলিং, মিস কারীলিনা হোয়েরনার এবং ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রজেক্ট ম্যানেজার ও সহকারী সার্জন হাসনাত মিয়া।