আইন-শৃঙ্খলা বাহিনীর দৌরাত্ম্য বেড়ে গেছে অপ্রত্যাশিতভাবে

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ০২:২৬

আইন-শৃঙ্খলা বাহিনীর দৌরাত্ম্য অপ্রত্যাশিতভাবে বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। দেশব্যাপী চলমান সহিংসতা, রাজনীতিবিদদের গ্রেফতারি পরোয়ানা সময় মতো না পৌঁছানো এবং পুলিশ বাহিনীর কঠোর সমালোচনা করে তিনি রাষ্ট্রকে উদ্দেশ করে বলেন, ‘রাষ্ট্র তুমি সংযত হও, জনবান্ধব হও।’ গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগ আয়োজিত ‘বাংলাদেশের সামপ্রতিক রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস এবং মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।

ড. মিজানুর রহমান বলেন, সামপ্রতিক সংঘাতকে কোনভাবেই রাজনৈতিক সহিংসতা বলা যাবে না। এটা জঘন্যতম ফৌজদারি অপরাধ, সে বিবেচনায় একে নির্মূল করতে হবে। তা না হলে এটি রাজনীতি এবং রাষ্ট্রের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে। রাজনৈতিক সহিংসতা বন্ধে রাষ্ট্রকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনীতিবিদরা আইনের ঊর্ধ্বে চলে গেছে মন্তব্য করে তিনি বলেন, পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে, আপনি যদি রাজনীতি করেন তাহলে আইন আপনার জন্য প্রযোজ্য নয়। গ্রেফতারি পরোয়ানা ৩৮ দিন কেন, ৬০ দিনেও পৌঁছবে না।
এডভোকেট সুলতানা কামাল বলেন, দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর পেছনে কাজ করছে দীর্ঘদিনের অগণতান্ত্রিক পরিবেশ। ফলে পুলিশসহ কোন প্রতিষ্ঠানই সঠিকভাবে কাজ করতে পারছে না। ক্ষমতা কেন্দ্রীক রাজনীতি এ অগণতান্ত্রিক পরিবেশ তৈরির পেছনে প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে।
মো. মোখলেছুর রহমান বলেন, সন্ত্রাস কখনো জয়লাভ করে না। বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র নয়। আমরা সন্ত্রাসবাদের কাছে নতজানু হতে চাই না।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মিজানুর রহমান, প্রধান আলোচক ছিলেন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল। আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ মোখলেছুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং ভিকটিমলজি ও রেস্টোরেটিভ জাস্টিস মাস্টার্স প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. নুরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান।

সেমিনারে দু’টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। ‘বাংলাদেশের সামপ্রতিক রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান এবং ‘অগ্নিদগ্ধ ভিকটিমদের সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রভাব: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক অপর প্রবন্ধটি উপস্থাপন করেন একই বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক।