কলকাতায় ‘মডেল’ সাকিব

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ১৩:১৪

টি-টোয়েন্টির আবির্ভাব পাল্টে দিয়েছে ক্রিকেট দুনিয়ার হিসাব-নিকাশ। এরই এক বাজারি সংস্করণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। কর্পোরেট দুনিয়ায় সব রং নিয়ে হাজির হয় এই আইপিএল। টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা এবং প্রচারণায় জোয়ার আনতে উদ্যোগ নেয় সংশ্লিষ্টরা। কলকাতা নাইটরাইডার্সের ফেসবুক পেজে বিভিন্ন প্রচারণামূলক ছবিতে বেশ গুরুত্ব পাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই পেজে গতকাল কেকেআরের অফিসিয়াল পার্টনার স্যাটেলাইট টিভি চ্যানেলের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিশ টিভির একটি বিজ্ঞাপনের পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে। ছবিটিতে আরো আছেন কেকেআরের আধিনায়ক গৌতম গম্ভীর এবং ওপেনার রবিন উথাপ্পা। মাঠের পারফরম্যান্সে সাকিব যেমন বিশ্বসেরা ঠিক তেমনি ভারতের মডেল বাজারেও তিনি গুরুত্ব পাচ্ছেন।

কলকাতা ভিত্তিক দলটির বেশির ভাগ ভক্ত-সমর্থকই যে বাঙালি তা সবারই জানা। তা ছাড়া কেকেআরের প্রতি সমর্থনের পেছনে অবশ্যই সবচেয়ে বড় কারণ সাকিবের উপস্থিতি। কলকাতার বাঙালিদের মাঝেও দারুণ জনপ্রিয় সাকিব। আর সেই আবেগ কাজে লাগিয়েই নিজেদের প্রচারণাকে আরো জোরদার করতে সাকিবকেই বেছে নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। ভারতের বাণিজ্যিক অঙ্গনে ক্রিকেট একটা ভূমিকাই রাখছে। ব্যবসার জোয়ারে সবচেয়ে প্রসিদ্ধ টুর্নামেন্ট আইপিএল। বিলিয়ন বিলিয়ন ডলারের ছড়াছড়ি চারদিকে। বিপুল অঙ্কের অর্থ লাভের আশায় গত কবছর থেকে আইপিএলমুখী নামিদামি বলিউড তারকা থেকে শুরু করে বাঘা বাঘা সব ধনকুবের এবং প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত হচ্ছেন। বিজ্ঞাপন আর বিভিন্ন রকমের প্রমোশন থেকেই আসে অর্থের সিংহভাগ।