ইংল্যান্ডের বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠেয় টেস্ট সিরিজে নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন সদ্য সমাপ্ত বিশ্বকাপের তারকা ব্যাটসম্যান মার্টিন গাপটিল। একই সঙ্গে দলে জায়গা পেয়েছেন ফাস্ট বোলার ম্যাট হেনরিও। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা গাপটিলের নিউজিল্যান্ডের টেস্ট দলে ফেরাটা চমকই বলতে হবে। কেননা ২০১৩ সালের ইংল্যান্ড সফরের পর থেকেই টেস্ট দলের বাইরে ছিলেন তিনি। ওয়ানডে দলের এই উদ্বোধনী ব্যাটসম্যানটিকে লঙ্গার ভার্সনের ক্রিকেটে অন্তর্ভুক্ত করায় যুক্তিকতা দেখিয়ে নিউজিল্যান্ড দলের কোচ মাইক হেসন বলেন, ‘মার্টিন একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান। সে লঙ্গার ভার্সনের ক্রিকেটেও অবদান রাখতে পারবে—এতে কোনো সন্দেহ নেই।’ তিনি আরো বলেন, ‘এটা তার জন্য আরো একটি সিঁড়ি। যদিও মার্টিন ওয়ানডে ক্রিকেটে পরিপক্বতা এবং মেধা দিয়ে এরই মধ্যে আমাদের মুগ্ধ করেছে।’ ওয়ানডে ক্রিকেটের তারকা ব্যাটসম্যান গাপটিল এ পর্যন্ত একটি টেস্ট খেলেছেন। এর মধ্যে দু’টি সেঞ্চুরিসহ ২৯.৬২ গড়ে ৩৯৫৮ রান করেন তিনি।
