আর্সেনাল প্রথমার্ধের দুর্দান্ত নৈপুণ্যে লিভারপুলকে উড়িয়ে দিয়ে আগামি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে স্থান পাওয়া আরো পাকাপোক্ত করলো। গতকাল নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের এ খেলায় লিভারপুলকে ৫-১ গোলে হারায় আর্সেনাল।
লিভারপুল এ হারে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার পাশাপাশি আগামি মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনায় বড় রকমের হোঁচট খেলো।
প্রথমার্ধের শেষ আট মিনিটে তিন গোলের দুর্দান্তপনা দেখিয়েই বড় জয়ের পথ রচে নেয় আর্সেনাল। হেক্টর বেলেরিন গানার্সদের পক্ষে কাল গোলের সূচনা করেন। এরপর মেসুত ওজিল দুর্দান্ত এক ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণের পর আলেক্সি সানচেজের কাছে থেকে নেয়া শটে ৩-০ গোলের ব্যবধান গড়ে বিরতিতে যায় স্বাগতিকরা। রাহিম স্টার্লিং কঠিন লড়াই চালিয়ে পেনাল্টি আদায়ের পর জর্ডান হেন্ডারসন তা জালে পাঠিয়ে লিভারপুলের ব্যবধান কমিয়েছিলেন। কিন্তু অলিভার গেরুদ খেলার অন্তিম মিনিটে আরো এক গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে দ্বিতীয় স্থানে উঠে আসা কোচ আর্সেন ওয়েঙ্গারের দল।
ওজিল পরে খেলা শেষে টুইটারে লেখেন,‘টানা সাত জয়। খুবই আনন্দিত। পুরো আর্সেনাল পরিবারের জন্য এটা অসাধারণ এক দিন।’ লিভারপুলের অধিনায়ক হেন্ডারসন খেলা শেষে স্বীকার করেন তার দলের আত্নরক্ষা ‘যথেষ্ঠ ভাল ছিল না।’
সাম্প্রতিক সময়ে প্রিমিয়ার লিগে ছন্দে থাকা আর্সেনাল লিভারপুলের চাইতে নয় পয়েন্টে এগিয়ে থাকলো। চতুর্থ স্থানে থাকা ম্যানচেষ্টার ইউনাইটেড থেকেও পাঁচ পয়েন্টে পিছিয়ে আছে লিভারপুল। গত রাতে ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলার সাথে জিতলে ম্যান ইউ আরো এগিয়ে যাবে।
এ নিয়ে লিগের ১১ খেলায় ১০টিতে জিতে আর্সেনাল শীর্ষে থাকা চেলসির সাথে ব্যবধান চারে নামিয়ে আনল। যদিও চেলসি তাদের চাইতে দুটি ম্যাচ কম খেলেছে। অথচ ১০ ফেব্রুয়ারি চেলসির সাথে লিগে ১৪ পয়েন্টের ব্যবধান ছিল আর্সেনালের। লিভারপুলের বিপক্ষে জয়ের সুবাদে আর্সেনাল আগামিকাল সোমবার ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার খেলাটির আগ পর্যন্ত দ্বিতীয় স্থানে থাকছে।
সফরকারীরা এ খেলাটির শেষ ছয় মিনিট অবশ্য দশজনের দলে পরিণত হয়। কেননা লিভারপুলের এমরে ক্যান ওই সময়ে দ্বিতীয় দফায় হলুদ কার্ড পেয়ে মাঠছাড়া হন। কোচ ব্রেন্ডন রজার্সের দল এদিন স্টিভেন জেরার্ডকে ছাড়া মাঠে নেমে প্রথমার্ধের ১৫ মিনিট চোখ জুড়ানো ফুটবল খেললেও এরপর আর দাঁড়াতেই পারেনি।
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে গতকাল শনিবার আবার লিগের খেলাগুলো আবার মাঠে গড়ায়।
