জীবন মানের পরিবর্তনে সিএসআর কার্যকর অবদান রাখতে পারে

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ১৭:০৪
 
দি সিটি ব্যাংক এর সহায়তায় ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর উদ্যোগে যশোরের বসতপুরে অসহায় নারীদের জীবিকা নির্বাহ কর্মসূচির সফলতা টেকসই সিএসআর কর্মসূচির উজ্জ্বল উদাহরণ। সামাজিক উন্নয়নে বিকল্প উদ্যোগ হিসেবে সিএসআর তহবিল ব্যবহারের এই উদ্যোগ অন্যদের অনুরসণ করা উচিত। সিটি ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সিটি ব্যাংক লিমিটেড, এমআরডিআই ও গ্রামের কাগজের মধ্যে সিএসআর তহবিল ব্যবহার করে অসহায় জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর ও চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে নারীর ক্ষমতায়ন ও শিশুর কল্যাণ সাধনে ব্যবসায়ীরা সরকারের পরিপূরক হিসেবে কাজ করতে পারে। সহায়তার মাধ্যমে অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে তোলার মাধ্যমে ব্যবসায়ীরা জাতির উন্নয়নে বড় ধরণের অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (তথ্য ব্যবস্থাপনা ও সেবা) মীর মুস্তাক আলী, দি সিটি ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আর.কে. হুসেইন, দি সিটি ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক  ও চীফ অপারেশনস অফিসার এস এম মাসরুর আরেফিন, এবং এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।
এই উদ্যোগের প্রথম ভাগে যশোরের সীমান্ত সংলগ্ন বসতপুরে নারীদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। এই সেন্টারে প্রশিক্ষণ পেয়ে নারীরা এখন অর্থ রোজগারের মাধমে পরিবারকে সহায়তা করার সক্ষমতা অর্জন করেছে। নিজেদের ব্যবসায়িক সংগঠন “গাঁওস্বপ্ন” এর মাধ্যমে তারা তাদের তৈরী পণ্য খুচরা বিক্রয় করছে। এই উদ্যোগের দ্বিতীয় ভাগে ঐ গ্রামের আরো ১৬০ জন নারীকে প্রশিক্ষণ সহায়তা দেয়া হবে এবং সমিতির সদস্য নারীদের ১০৫ জন শিশু সন্তানের পরবর্তী পাঁচ বছরের শিক্ষা ব্যয় নির্বাহ করা হবে। দি সিটি ব্যাংক লিমিটেড এই উদ্যোগের জন্য দুই ভাগে মোট প্রায় সোয়া কোটি টাকা সহায়তা প্রদান করছে।
প্রেস বিজ্ঞপ্তি