গেণ্ডারিয়ায় ছুরি মেরে একজনকে খুন

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ১৮:৫০
রাজধানীর পুরান ঢাকার গেণ্ডারিয়ায় সানি সরকার (৪৫) নামে একজনকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। নিহত সানি ওই বাড়ির মালিক বলে জানা গেছে।  
রবিবার দুপুর একটার দিকে গেণ্ডারিয়ার মিলব্যারাকের একটি দোতলা বাসায় এ ঘটনা ঘটে।
তবে অন্য কোনো কাজ করতেন না বলে পরিবারের সদস্যরা জানান।   
 
সানির বোন ইয়াসমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, দুপুরে বাসার ছাদে ‘কে বা কারা’ তার ভাইকে ছুরি মেরে জখম করে। হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, দুপুরে ভাই কবুতরের খাবার দিতে ছাদে ওঠেন। কিছুক্ষণ পর তাকে রক্তাক্ত অবস্থায় সিঁড়িতে পাওয়া যায়।
এ সময়ে বাসার কাজের ছেলে জুম্মনকে দোতলা থেকে লাফিয়ে পালাতে দেখে বলে স্থানীয়রা জানিয়েছেন। 
হাসপাতাল ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, নিহতের শরীরে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।