ইয়েমেনে বিমান হামলা বন্ধে রাশিয়া ও রেডক্রসের আবেদন

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ১৯:৩১
 
জরুরী মানবিক ত্রাণ সরবরাহ ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার সুযোগ দেয়ার জন্য ইয়েমেনে সামরিক তৎপরতা বন্ধ রাখার জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের প্রতি আবেদন জানিয়েছে রাশিয়া ও রেড ক্রস।জাতীসংঘের দেয়া তথ্য অনুযায়ী ইয়েমেনে গত দুই সপ্তাহে ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
গত ২৫ মার্চ থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে টানা বিমান হামলার এই আবেদন জানালো রাশিয়া ও রেড ক্রস।
দেশটির বন্দর নগরী এডেনে চলমান বিমান হামলায় শহরটির পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত দুই দিন ধরে শহরটির বেশ কয়েকটি এলাকার লোকজন পানি ও বিদ্যৎবিহীন অবস্থায় আছেন।
বিমান হামলা বন্ধ রাখতে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব দিয়েছে রাশিয়া। ইয়েমেন থেকে বিদেশি নাগরিক ও কূটনীতিকদের নিজ দেশে ফিরিয়ে নেয়া ও ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে এই প্রস্তাব দিয়েছে দেশটি।
অপরদিকে এক বিবৃতিতে দেশটিতে জীবন রক্ষাকারী চিকিৎসা ত্রাণ সরবরাহ নিবিঘ্ন করতে তাৎক্ষণিকভাবে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি।
ইয়েমেনগামী চিকিৎসা সরঞ্জাম বহনকারী রেড ক্রসের তিনটি জাহাজ আটকে রাখা হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করেছে সংস্থাটি। সূত্র:বিবিসি