খালেদা জিয়ার বাসা সূত্রে জানা গেছে, টানা তিন মাস কার্যালয়ে অবস্থানের পর আদালত হয়ে বাসায় ফিরে বেশিরভাগ সময়েই তিনি বিশ্রামে ছিলেন। রবিবার বাসায় প্রবেশ করে প্রথমে ড্রইয়রুমে বসে বোন সেলিনা ইসলামসহ কয়েকজন আত্মীয়কে নিয়ে ফলের রস পান করেন তিনি। কিছুক্ষণ কথাবার্তা বলার পর চলে যান শোবার ঘরে।
এরপর বিএনপি চেয়ারপারসনের আত্মীয়-স্বজনরা একত্রে দুপুরের খাবার খান। সেলিমা রহমান, শিরিন সুলতানা, শিমুল বিশ্বাস ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবদুল মজিদও ওই বাসায় দুপুরের খাবার খেয়েছেন।
খালেদা জিয়া সাধারণত দুপুরে ভারি খাবার খান না। খালেদা জিয়ার বাসায় ফেরার খবরে গতকাল সকালে বাজার করে দুপুরের খাবার রান্না করা হয়। ভাত, শাক ভাজি, মাছ রান্না হয়েছিল বলে বাসার কর্মকর্তারা জানান।
‘ফিরোজা’য় গেছে কার্যালয়ে ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রীও
বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার কাজে নিয়োজিত বাহিনীর (সিএসএফ) সদস্যদেরকে সকাল থেকে কয়েক দফায় গুলশানের কার্যালয় থেকে মালপত্র বের করতে দেখা গেছে। জামাকাপড় ও ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্রের ছোট-বড় বেশক’টি ব্যাগ ‘ফিরোজা’য় নিয়ে যাওয়া হয়। সিএসএফের সদস্যরা কখনো হেটে, কখনও গাড়িতে করে ব্যাগগুলো নিয়ে যান।
