কৃষ্ণা কাবেরী হত্যা: জহিরুলকে গ্রেফতারে মাঠে ডিবি

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ২২:৩০
রাজধানীর মিশন ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক কৃষ্ণা কাবেরী মন্ডল হত্যা মামলার একমাত্র আসামি জহিরুলকে গ্রেফতারে মাঠে নেমেছে ডিবি। ইতিমধ্যে জহিরুল সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করা হয়েছে। শেয়ারবাজারে বিনিয়োগকৃত টাকাকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটেছে বলে এতদিন মনে করা হলেও তা অস্বীকার করছেন কৃষ্ণা স্বামী বিআরটিএর উপ-পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস। এতে এই হত্যাকে ঘিরে রহস্য ঘনিভূত হয়েছে।
 
শীতাংশুর ছোট বোন কণিকা বিশ্বাস জানান, বিআরটিএ’র কর্মকর্তা হলেও সাধারণভাবে জীবন-যাপন করেন শীতাংশু শেখর বিশ্বাস। তার নিজের কোন গাড়ি বা ফ্ল্যাট নেই। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শেয়ারবাজারেও তার ১৭ কোটি টাকা রয়েছে এমন তথ্যটিও ডাহা মিথ্যা। তিনি দাবি করেন, এতো টাকা তার নেই। 
 
শীতাংশুর বরাত দিয়ে তিনি বলেন, তার প্রায় ৮ লাখ টাকা শেয়ারবাজারে আছে। এই টাকার জন্য শীতাংশুর বাসায় হামলা ও তার স্ত্রীকে হত্যা করা হয়নি বলে মনে করেন শীতাংশু। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়েও তিনি নিশ্চিত না। 
 
ডিবি পুলিশও মনে করছে, মামলার একমাত্র আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করলেই সকল রহস্য উন্মোচন হবে। এই মুহূর্তে জহিরুলকে গ্রেফতারের বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছে ডিবি।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এস এম জাহাঙ্গীর আলম সরকার বলেন, কৃষ্ণা কাবেরী হত্যা মামলার শুরু থেকেই তদন্তে সহযোগিতা করেছে ডিবি। মামলাটি ডিবিতে হস্তান্তরের পর থেকেই আসামি গ্রেফতারের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করেছে ডিবি। দ্রুত আসামিকে গ্রেফতার করা হতে পারে বলে মনে করেন তিনি।
 
এদিকে মেট্রোপলিটন মেডিক্যাল সেন্টারের চিকিত্সক আফজাল হোসেন জানিয়েছেন, শীতাংশু ও অদৃতি এখনও সুস্থ হননি। যে কারণে তাদেরকে ইউসিসিতে রাখা হয়েছে। তবে শ্রুতির অবস্থার উন্নতি হয়েছে বলে জানান তিনি।