আওয়ামী লীগের প্রচারণা শুরু ৮ এপ্রিল

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ০০:২৯

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে দল সমর্থিত একক প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণার সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে আওয়ামী লীগ। প্রচারণার জন্য সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মধ্যে ইতোমধ্যে দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে। রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় আগামী ৮ এপ্রিল পৃথক চারটি পথসভা কর্মসূচির মাধ্যমে দল সমর্থিত একক প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে আওয়ামী লীগ। এর মধ্যে উত্তরে দুটি ও দক্ষিণে দুটি পথসভা হবে। এর আগে ৭ এপ্রিল নির্বাচনী আচরণবিধি মেনেই দল সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মাদক ও সন্ত্রাস নির্মূল করে আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য, উন্নত ও শান্তির ঢাকা গড়ার অঙ্গীকার নিয়ে তাদের নিজ এলাকায় গণসংযোগ করবেন।  লালবাগ এলাকায় গণসংযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের একক মেয়র ও কাউন্সিলর প্রার্থীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে আগামী ১০ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কর্মিসভা অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মেয়র প্রার্থী সাঈদ খোকন, হাজি সেলিম এমপি, ঢাকা মহানগর নেতৃবৃন্দ, ঢাকা দক্ষিণের তৃণমূলের সকল নেতা উপস্থিত থাকবেন। আজ সোমবার সকালে রমনা থানার ১৯, ২০, ২১ নম্বর ওয়ার্ডের জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের বর্ধিত সভা, বিকালে হোটেল ইম্পিরিয়ালে বিক্রমপুর ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, ৮ এপ্রিল বুধবার সকালে শ্যামপুর, বিকালে সূত্রাপুর, বিকালে খিলক্ষেত এবং বঙ্গবন্ধু এভিনিউয়ে পথসভা এবং ৯ এপ্রিল গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
ঢাকার দুই মেয়র প্রার্থীই এখন নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণের পাশাপাশি ইশতেহার তৈরিতে ব্যস্ত। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. নুহ-উল-আলম লেনিন, উপদেষ্টামণ্ডলীর সদস্য এইচ টি ইমাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ তাদের সহায়তা দিচ্ছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত একক মেয়র প্রার্থী আনিসুল হক ‘পরিচ্ছন্ন মানবিক ঢাকা চাই’ এবং ঢাকা দক্ষিণের একক প্রার্থী সাঈদ খোকন ‘বিশ্বমানের উন্নত ঢাকা মহানগরী চাই’ এই দুটি স্লোগান প্রাথমিকভাবে নির্ধারণ করছেন। দুই-এক দিনের মধ্যে ইশতেহার ও ইশতেহারের স্লোগান চূড়ান্ত করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
জানা গেছে, ঢাকা উত্তরের চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে বেশি চিন্তিত আওয়ামী লীগ। দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত একক মেয়র প্রার্থী সাঈদ খোকনের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন ২৫ বঙ্গবন্ধু এভিনিউতে আলাদা কার্যালয় নেয়া হয়েছে। হাজি সেলিমকে সঙ্গে নিয়ে এ এলাকায় ব্যাপক প্রচারণা চালাতে চায় আাাওয়ামী লীগ।
সূত্র জানায়, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে দলের একটি প্রতিনিধি দল শনিবার রাতে সাঈদ খোকন ও হাজি সেলিমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সাঈদ খোকনের পক্ষে প্রচারণায় জোরালোভাবে অংশ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন হাজি সেলিম। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ প্রমুখ।

জানা গেছে, একক কাউন্সিলর প্রার্থী ঠিক করতে ঢাকা মহানগরের ১৫টি আসনের জন্য ১৫টি কমিটি করা হয়েছে। কমিটিগুলো ইতোমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের একটি খসড়া তালিকা তৈরি করেছে। কয়েকটি কমিটি তাদের তালিকা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে জমা দিয়েছে। বাকি কমিটিগুলোও দুই-এক দিনের মধ্যে তা জমা দেবে। প্রধানমন্ত্রী কাউন্সিলর প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবেন। এরপর অন্য প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য বলা হবে। ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।