সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১১:২৪
 
বাগেরহাটের শরণখোলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বেল্লাল হোসেন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ফরহাদ মুন্সী (৩৫) নামে আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার দিনগত রাত আড়াইটার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন সোনাতলা পনিরঘাট গ্রামে এই ঘটনা ঘটে। বেল্লাল বনদস্যু বেল্লাল বাহিনীর প্রধান বলে জানিয়েছে পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, বেল্লাল চার থেকে পাঁচজন সহযোগী নিয়ে সোনাতলা গ্রামের হাবিব হাওলাদারের বাড়ির বাগানের একটি পরিত্যাক্ত টিনের ঘরে অবস্থান করছে। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় আধাঘন্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে তারা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একটি নাইন স্যুটার, একটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক ও ৫০০ রাউন্ড গুলি এবং বেল্লালের মৃতদেহ ও গুলিবিদ্ধ অবস্থায় ফরহাদকে উদ্ধার করা হয়।
হাসপাতালে চিকিত্সাধীন আহত বনদস্যু ফরহাদ জানান, তাদের ট্রলারের ইঞ্জিন নষ্ট হওয়ায় গত দুইদিন আগে পানিরঘাট গ্রামের কাছাকাছি সুন্দরবনের মধ্যে ট্রলারটি মেরামতের জন্য নিয়ে আসেন। দিনের বেলা ট্রলার মেরামতের পর রাতে তারা গোপনে হাবিব হাওলাদারের বাগানের পরিত্যাক্ত টিনের ঘরে অবস্থান করতেন। বন্দুকযুদ্ধের সময় বাহিনী প্রধান বেল্লালসহ বাহিনীর পাঁচ সদস্য অবস্থান করছিলেন।
ওসি জানান, বন্দুকযুদ্ধে বাহিনীর আরো কোনো সদস্য গুলিবিদ্ধ হয়ে বনে পালিয়ে যেতে পারে। বাহিনীর অন্য সদস্য ও অস্ত্র উদ্ধারে সুন্দরবনে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।