জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে কারাগারে দেখা করার জন্য সোমবার আবেদন করছেন আইনজীবীরা।
কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির জানান, দেখা করার জন্য তারা কারা কর্তৃপক্ষের কাছে যাচ্ছেন। তিনিসহ (শিশির) মোট পাঁচজন আইনজীবী আজ বিকেল চারটায় কামারুজ্জামানের সঙ্গে দেখা করার জন্য সময় চাইবেন।
তিনি বলেন, রিভিউ আবেদনের রায়ের বিষয়টি কামারুজ্জামানকে জানানো হবে। এছাড়া রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া হবে কি না, তার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন তিনি। আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দেয়।
