‘ফেসবুক ব্যক্তি মাহীর, নায়িকা মাহীর না’

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ২১:০৭
টানা একমাসেরও বেশি সময় ধরে আছেন ব্যাংককে মাহী। সেখান থেকেই সেলফোনে কথা হয় বিনোদন প্রতিদিনের সাথে। নিজের ফেসবুকের খামখেয়ালি নিয়ে মাহী বললেন, ‘দেখুন আমি আমার নিজস্ব অ্যাকাউন্টে খেয়ালখুশি মতোই তো লিখব। আমি আমার স্ট্যাটাসে কবিতা লিখি, মনখারাপের কথা লিখি, ভালোলাগার কথা লিখি। এখন কোনো সাংবাদিক যদি সেটাকে আমার অফিসিয়াল স্টেটমেন্ট ভেবে ছেপে দেয়, তো আমার কী দোষ। আমি তো প্রেস কনফারেন্স করে কাউকে বলিনি যে আমি ছবি ছেড়ে দিচ্ছি। ওটা আমার ক্ষণিকের মুড। ফেসবুকে তো সবাই তা-ই লেখে। এখানে কেউ কি অত হিসাব করে স্টেটমেন্ট দেয়। অথচ আমাকে আপনারা এটা নিয়েই সমালোচনা করছেন। আমি নিবিষ্টভাবে শুধু চলচ্চিত্রেই কাজ করে যেতে চাই। এখানে আমাকে জাজ মিডিয়া জড়িয়ে কেউ লিখে, কেউ আমার ফেসবুক নিয়ে লেখে। আমি চুপ করে দেখে যাই। কিন্তু মিডিয়ার কাছ থেকে আমি আরও সাপোর্ট প্রত্যাশা করি।’
 
 
উল্লেখ্য, ব্যাংককে শুটিং শেষ করেই মাহী আবারও ভারতে যাবেন ছবির আরও কিছু অংশের শুটিং করতে। এছাড়া টলি প্রযোজকের একটি ছবি নিয়েও কথা চলছে। তবে এখনই সে বিষয়ে মুখ খুলতে চান না। কিন্তু সে ইঙ্গিত করেই মাহী বললেন, ‘আমি এ মাসের শেষদিকে দেশে ফিরব, তখন কিছু কথা বলব। তাতে আপনারা সবাই-ই অবাক হবেন। আপাতত এই সাসপেন্সটুকু নিয়েই থাকেন। এটা কিন্তু ইত্তেফাককে আমি অফিসিয়ালি বললাম। হা হা হা।’ এখন দেখা যাক মাহীর সেই সাসপেন্সটা কি? তবে খুব ভালোভাবেই ‘অগ্নি-টু’-এর কাজ চলছে এটা জানা গেল। পাশাপাশি নিজের পরবর্তী ছবির জন্য কিছু কস্টিউম কেনাকাটাও সেরেছেন সেখানে। নতুন খবর বলতে কলকাতার ছবিটি নিয়ে হয়তো এ মাসেই অফিসিয়াল ঘোষণা দেবেন। তবে আবারও বললেন, ‘ফেসবুক আমার প্রতিদিনের ছোট্ট ডায়েরি লেখার মতো। এটাকে অত সিরিয়াস ভেবে আমার ওপরে দায় চাপালে কষ্ট পাওয়া ছাড়া কিছু থাকবে না।’
 
 
উল্লেখ্য, মাহী দু মাস আগে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে হুট করে জানান তিনি ফিল্ম ছেড়ে দিয়েছেন।