গাজীপুর সিটি মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানকে এক দিনের রিমান্ডে দিয়েছে আদালত। সোমবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেহেনা আক্তার শুনানি শেষে এই আদেশ দেন।
গাজীপুর জজকোর্টের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, কালিয়াকৈর থানার একটি গাড়িতে অগ্নিসংযোগের মামলায় অধ্যাপক এমএ মান্নানকে দুপুর বারটার দিকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। পরে শুনানি শেষে বিচারক এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরো জানান, মান্নানের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনি তিনটি মামলায় জামিনে রয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ভোর রাতে কালিয়াকৈর উপজেলার বটতলা মহিষবাথান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসে ঘুমিয়ে থাকা হেলপার অগ্নিদগ্ধ হয়ে তোফাজ্জল ঘটনাস্থলেই মারা যান।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে বাসে পেট্রলবোমা হামলা মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার বারিধারার বাসভবন থেকে অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ।
