গ্রানাডার বিপক্ষে রিয়াল মাদ্রিদ বিধ্বংসী রুপে দেখা দিলেও সেল্টা ভিগোর বিপক্ষে সেরকম কিছু দেখাতে পারেনি বার্সেলোনা। জেরেমি ম্যাথিউর একমাত্র গোলে প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। অবশ্য ম্যাচ জয়ে চার পয়েন্টে রিয়ালের চেয়ে এগিয়ে থাকল বার্সা।
রবিবার সেল্টার মাঠে ম্যাচের ১৩তম মিনিটে গোলের সুযোগ পায় বার্সেলোনা। দানি আলভেসের কাছ থেকে বল পেয়ে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ডান পায়ের জোরালো শট মেরেছিলেন মেসি। গোলরক্ষক সের্হিও আরভারেস দারুণ দক্ষতায় বল ঠেকানোর পর তা যায় নেইমারের পায়ে। তবে নেইমারের শট আর লক্ষ্যে ছিল না।
তিন মিনিট পর ডি-বক্সে বল পেয়েছিলেন লুইস সুয়ারেস। তবে ডিফেন্ডাররা তা বাধা দেয়। ২৩তম মিনিটে আবারো সুয়ারেসের গোলের সুযোগ হাতছাড়া হয়।
২৯তম মিনিটে দারুণ গোলের সুযোগ পেয়েছিল সেল্টা ভিগো। পেনাল্টি বক্সে বল পেলেও সেল্টার নলিতো শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ হন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক শটে বল জালে জড়িয়েছিলেন নেইমার। তবে অফসাইডের ‘বিতর্কিত’ সিদ্ধান্ত দিয়ে গোলটি বাতিল করেন রেফারি।
৫৪তম মিনিটে দারুণ দলীয় প্রচেষ্টায় গোলপোস্টের সামনে বল পেয়েছিলেন মেসি, তবে অল্পের জন গোল পাননি তিনি।
অবশেষে ৭৪তম মিনিটে চাভির ফ্রি-কিকে উড়ন্ত হেডে বল জালে জড়ান বার্সেলোনার ম্যাথিউ।
নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে সের্হিও বুসকেতসকে ঘাসের দলা ছুড়ে মেরে লাল কার্ড দেখেন সেল্টার ফাবিয়ান ওরিয়ানা। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ে ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে সুবিধাজনক অবস্থায় আছে বার্সেলোনা। রবিবারে প্রথম ম্যাচে ৯-১ গোলে গ্রানাদাকে বিধ্বস্ত করা রিয়াল মাদ্রিদ ৪ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকোর পয়েন্ট ৬২।
