একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় যতোদ্রুত সম্ভব কার্যাকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য কামারুজ্জামান দুই-এক ঘণ্টা সময় পাবেন। আমার জানা মতে কারা কর্তৃপক্ষ তার আত্মীয়-স্বজনকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এখন তার বেলায় যেহেতু জেল কোডের বিধান প্রযোজ্য নয়, তাই যতোদ্রুত সম্ভব তার রায় কার্যকর করা হবে।’
কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রী আনিসুল হক। সোমবার সকাল ৯ টা ৫ মিনিটে প্রধান নিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সরকার চাইলে যেকোনো সময় কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে।
